টাঙ্গাইলের মির্জাপুরে ট্রান্সফরমার চুরির অপরাধে দু’জনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। শুক্রবার (২১ জুলাই) মির্জাপুর উপজেলার তেলিনা খাটিয়ারঘাট এলাকা থেকে চুরি অপরাধে তাদের হাতেনাতে ধরা হয়।
আটকরা হলেন সিরাজগঞ্জের শাহজাদপুরের বেড়ামুলা গ্রামের আব্দুল বারেকের ছেলে শামীম (৩০) ও বেলকুচি উপজেলার চালাউরিশপাড়া গ্রামের আব্দুল মালেক মিয়ার ছেলে মিলন মিয়া (২২)।
পল্লী বিদ্যুৎ জোনাল অফিস গোড়াই ও মির্জাপুর জোনাল অফিস জানায়, গ্রাহকদের কাছে থেকে ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগ পাওয়া গেছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটক ও মিটার উদ্ধারের চেষ্টা চলছে।
মির্জাপুর থানার এসআই মো. সোহেল মিয়া বলেন, দুই চোরকে আটক করে নিয়মিত মামলা দেওয়া হয়েছে। মূল হোতাদের গ্রেপ্তারে মাঠে কাজ করছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
এ দিকে গত এক বছরের ব্যবধানে শতাধিক ট্রান্সফরমারসহ মিটার চুরি অভিযোগ উঠেছে। এছাড়া প্রতারক চক্র গ্রাহকদের জিম্মি করে চিরকুটে বিকাশের মাধ্যমে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার খবর পাওয়া গেছে।
শনিবার (২২ জুলাই) পল্লী বিদ্যুৎ অফিস জানায়, টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর গোড়াই জোনাল অফিস এবং টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতি-১ মির্জাপুর জোনাল অফিস এরিয়ার অধিনে গ্রাহক সংখ্যা রয়েছে প্রায় এক লাখ ৮০ হাজার। ভুক্তভোগী গ্রাহকদের মধ্যে বানিয়ারা গ্রামের রাইজ মিলের মালিক শাহজালাল, মনির হোসেন ও পরাগ কাজী অভিযোগ করেন, তাদের মিলের শিল্প মিটার চুরি হয়। প্রতারকচক্র মিটার নিয়ে চিরকুটে মোবাইলে বিকাশে ১২ হাজার টাকা চাঁদা দাবি করেছে। ঝামেলা এড়াতে জনপ্রতি ১০ হাজার টাকা চক্রের সদস্যদের দিয়ে মিটার ফেরত পেয়েছে।
টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর গোড়াই জোনাল অফিসের (ডিজিএম) বলেন, একটি শক্তিশালী সিন্ডিকেট চক্র ট্রান্সফরমার ও মিটার চুরির সঙ্গে জড়িত বলে তাদের ধারণা। অভিযোগের প্রেক্ষিতে থানা পুলিশ ও টাঙ্গাইল র্যাব-১২ কে জানানো হয়েছে।
টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর মির্জাপুর জোনাল অফিসের (ডিজিএম) জাকির হোসেন জানান, বিষয়টির দিকে কঠোর পদক্ষেপের জন্য তিনি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের সদস্যদের প্রতি জোর দাবি জানিয়েছেন।
