বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপা আগেই নির্ধারিত হয়ে গিয়েছিল। এবারের লিগে জয়ী বসুন্ধারা কিংস ও রানার্স আপ ঢাকার আবাহনী লিমিটেড। এছাড়া গেল সপ্তাহে আবাহনীর বিপক্ষে ম্যাচ শেষ করে লিগ জেতার ট্রফি নিয়ে ঘরের মাঠে উদযাপনও করেন বসুন্ধারা কিংস। সেদিন রানার্সআপ ট্রফি নেওয়ার কথা ছিল আবাহনীরও তবে তারা নেয়নি। সেই ট্রফি গতকাল শুক্রবার (২১ জুলাই) কুমিল্লার শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত স্টেডিয়ামে গিয়ে জয়ের পর নিয়েছেন তারা। এর আগে গেল শুক্রবার হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে বসুন্ধারার বিপক্ষে ১-০ ব্যবধানে হেরেছিলেন আকাশি-নীলরা।
কুমিল্লায় বাংলাদেশ প্রিমিয়ার লিগে আবাহনী নিজেদের শেষ ম্যাচ খেলতে আজমপুর এফসি উত্তরার বিপক্ষে মাঠে নেমেছিল গতকাল। আর এ ম্যাচে আজমপুরের বিপক্ষে ১-০ গোলের জয় নিয়ে লিগ শেষ করল আকাশি-নীল জার্সিধারিরা। ম্যাচের ৭০ মিনিটে আবাহনীর হয়ে জয় সূচক গোলটি করেন দলের অধিনায়ক নাবীব নেওয়াজ জীবন। এছাড়া দিনের অন্য ম্যাচে শেখ জামালকে ৩-০ গোলে হারিয়েছে ফর্টিস এফসি।
এদিকে, শেষ ম্যাচে জয়ের পর আবাহনীর ২০ ম্যাচে ১২ জয়ে পয়েন্ট ৪০। সমান ম্যাচে ১৫ হারে আজমপুর এফসি উত্তরা ৫ পয়েন্ট নিয়ে সবার পেছনে থেকে অবনমন নিশ্চিত করেছে। শেখ জামাল ২০ ম্যাচে ষষ্ঠ হারে ২৪ পয়েন্ট নিয়ে ছয়ে থেকে লিগ শেষ করেছে। নবাগত ফর্টিস এফসি সমান ম্যাচে পঞ্চম জয়ে ২৩ পয়েন্ট নিয়ে এরপরই অবস্থান করছে।
