নারায়ণগঞ্জের আড়াইহাজার থেকে সাগরপথে মালয়েশিয়া নিয়ে যাওয়ার কথা বলে দুই দিনে ৯ জন যুবক নিখোঁজ হয়েছেন। ভুক্তভোগীদের পরিবারের দাবি, নিখোঁজ হওয়ার পর থেকে মুক্তিপণ দাবি করছে পাচারকারীরা।
শনিবার (২২ জুলাই) অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ) কর্মকর্তারা সরেজমিনে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে এ তথ্য জানিয়েছেন।
নিখোঁজদের মধ্যে ৬ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন কল্যাণদী শেখবাড়ি এলাকার ইকবালের ছেলে নাজমুল হোসেন, সামছুদা মিয়ার ছেলে হৃদয় মিয়া, আ. হান্নান মিয়ার ছেলে সাজ্জাদ মিয়া, রিপন মিয়ার ছেলে হালিম মিয়া, মজিবুর রহমানের ছেলে আব্দুল্লাহ মিয়া ও মিছির আলীর শাহীন আলী।
অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম সূত্রে জানা যায়, আড়াইহাজার উপজেলার বিভিন্ন এলাকার ৯ যুবককে সাগর পথে মালয়েশিয়ার নিয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে নিয়ে যায়। পরিবারের সদস্যদের সঙ্গে কিছু না বলেই তারা বাড়ি থেকে চলে গেছে। বাড়ি থেকে চলে যাওয়ার পর ফোন করে একটি চক্র তাদের পরিবারের কাছে জন প্রতি ৪ লাখ টাকা করে দাবি করছে।
নিখোঁজ হৃদয়ের বাবা সামছুদা বলেন, দুইদিন ধরে আমার ছেলের কোনো খোঁজ পাচ্ছি না। ফোন করে একজন বলেন, ৪ লাখ টাকা দিলে আমার ছেলেকে ছেড়ে দিবে। টাকা না দিলে আমার ছেলেকে মেরে ফেলবে। আমি আমার ছেলেকে ফিরে পেতে চাই।
অভিবাসী কর্মী উন্নয়ন পোগ্রাম (ওকাপ) কর্মকর্তা আমিনুল হক বলেন, আমরা নিখোঁজদের পরিবারের সঙ্গে কথা বলেছি। নিখোঁজদের তালিকা স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জানানোর কথা বলেছি। পাশাপাশি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি অবগত করে থানায় জিডি করতে বলেছি। তাদের ফিরিয়ে আনার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশতিয়াক আহাম্মেদ বলেন, অনেকদিন ধরেই মানবপাচারের বিরুদ্ধে কাজ করছি। সম্প্রতি ৯ জন নিখোঁজের কথা শুনেছি। আমরা এ বিষয়ে জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।
এর আগে মালয়েশিয়া নেওয়ার কথা বলে আড়াইহাজারের ১২ যুবককে মায়ানমারের জেলখানায় বন্দী রাখার ঘটনায় তাদের মুক্তি দাবিতে গত ১১ জুলাই ইউএনও’র কাছে একটি লিখিত আবেদন করেন তাদের পরিবারের সদস্যরা।
