দাবি না মানলে ১ আগস্ট থেকে জ্বালানি তেলের তিন সেক্টরে ধর্মঘট

আপডেট : ২৩ জুলাই ২০২৩, ০৩:৪৩

আগামী ৩১ জুলাইয়ের মধ্যে সরকার তিন দফা দাবি মেনে না নিলে ১ আগস্ট থেকে সব ধরনের কাজ বন্ধ করে অনির্দিষ্টকালের ধর্মঘট পালনের আল্টিমেটাম ঘোষণা করেছে বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স ডিস্ট্রিবিউটরস এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।

শনিবার ফতুল্লায় একটি কনভেনশন হলে সংগঠনগুলোর ঢাকা বিভাগীয় কমিটির ব্যানারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ এই আল্টিমেটাম ঘোষণা করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স ডিস্ট্রিবিউটরস এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সভাপতি সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, জ্বালানি তেল পরিবহনকারী ট্যাংকলরির ইকোনমিক লাইফ (ব্যবহারের আয়ুকাল) ৫০ বছর পর্যন্ত নির্ধারণ, জ্বালানি তেল বিক্রয়ের ওপর প্রচলিত কমিশন বৃদ্ধি করে কমপক্ষে ৭.৫ শতাংশে উন্নীত ও সংশ্লিষ্ট দপ্তরের প্রতিশ্রুতি মোতাবেক গেজেট প্রকাশের জন্য তিন দফা দাবি বাস্তবায়ন করতে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোতে ইতিমধ্যে তিন দফায় লিখিত আবেদন করা হয়েছে। তবে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত ইতিবাচক কোন সাড়া না পাওয়ায় তারা হতাশ। তাই আগামী ৩১ জুলাই পর্যন্ত সরকারের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করা হবে। দাবিগুলো মানা না হলে ১ আগস্ট থেকে সব জ্বালানি ব্যবসায়ী জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন কাজ বন্ধ রেখে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালন করবেন।

ইত্তেফাক/এমএএম