রূপগঞ্জের চনপাড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চার জনকে গুলি করা হয়েছে। গত শুক্রবার মধ্যরাতে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন— মো. আলমগীর হোসেন (২৮), মো. হৃদয় খান (৩০), মো. ইসমাইল হোসেন (৩০) ও মো. ইলিয়াছ (১৭)। তারা সবাই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, রূপগঞ্জের চানপাড়া এলাকা থেকে গুলিবিদ্ধ চার জন এসেছেন। চার জনকে জরুরি বিভাগে চিকিত্সা দেওয়া হয়।
তাদের হাসপাতালে নিয়ে আসা মো. আলম জানান, শমসের নামে এক ব্যক্তি তাদের চার জনকে লক্ষ করে গুলি করে। এতে আলমগীরের বাম পায়ে, হৃদয়ের কোমরে, ইসমাইলের হাতে ও ইলিয়াসের পায়ে একটি করে গুলি লাগে। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসি। তবে, গুলিবিদ্ধ হওয়ার কোনো খবর পাইনি বলে জানান রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) আতাউর রহমান। তিনি বলেন, ‘শুনেছি একটি মারামারির ঘটনা ঘটেছে। তবে, আহতের কোনো তথ্য আমরা পাইনি। এ বিষয়ে থানায় কেউ কোনো অভিযোগ দেয়নি।’ ঘটনাস্থলে থানা থেকে কোনো পুলিশও পাঠানো হয়নি বলে জানান তিনি।
