সরকারি সেবা তৃণমূলে পৌঁছে দেওয়ার লক্ষ্যে মাদারীপুর জেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজনের সঙ্গে মতবিনিময় সভা করেছেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম।
শনিবার (২২ জুলাই) বিকালে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম বলেন, সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা জনগণের সেবক। তাই তৃণমূলে জনগণকে সকল সেবা পৌঁছে দেওয়া তাদের দায়িত্ব। এছাড়াও তিনি মাদারীপুর জেলার কৃষি উন্নয়ন, সাংস্কৃতিক বিকাশ, খেলাধুলা, পর্যটন ব্যবস্থাসহ টেকসই উন্নয়নের বিভিন্ন বিষয়ের ওপর জোর দেন।
পরে মাদারীপুর জেলা প্রশাসনের আয়োজনে মাদারীপুর লেকপাড় স্বাধীনতা অঙ্গণে সামাজিক নিরাপত্তা উপকরণ যোজনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম।
এ সময় তিনি ২৫ জন ছাত্রীদের মাঝে সাইকেল বিতরণ, ১৫ জন নারীদের মাঝে আত্মকর্মসংস্থানের জন্য সুদ মুক্ত ঋণ বিতরণ, ১০ জন অসুস্থ রোগীদের অনুকূলে প্রতিজনকে ৫০ হাজার টাকা করে চিকিৎসা সহায়তা, ১৫ জন ফ্রি ল্যান্সারদের মাঝে ল্যাপটপ বিতরণ, জেলার ৫টি উপজেলার ক্রীড়া সংস্থাসমূহের অনুকূলে ক্রীড়া সামগ্রী বিতরণ, জেলার ৫টি উপজেলার শিল্পকলা একাডেমিসমূহের অনুকূলে বাদ্যযন্ত্র বিতরণ, ১৬ জন তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর অনুকূলে জীবনমান উন্নয়নে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল বিতরণ করেন। এছাড়াও তৃতীয় লিঙ্গের মানুষদের আবাসনের উপায় খুঁজে দেখার জন্য তিনি জেলা প্রশাসককে নির্দেশ দেন।
এর আগে সকালে ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম শিবচর উপজেলা সহকারী কমিশনার ভূমি এর কার্যালয় পরিদর্শন, বহেরাতলা উত্তর ইউনিয়ন পরিষদ কার্যালয় দর্শন, বহেরাতলা উত্তর ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিদর্শন, টিআর/কাবিখা প্রকল্প পরিদর্শন, বহেরাতলা উত্তর কমিউনিটি ক্লিনিক দর্শন, মাদারীপুর সদর পেয়ারপুর আশ্রয়ন প্রকল্প দর্শন করেন।
মাদারীপুর জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মাসুদ আলম, সিভিল সার্জন ডা. মুনীর আহমদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ঝোটন চন্দ্র, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাজিবুল ইসলাম, মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাইনউদ্দিন, শিবচর উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. রিয়াজুর রহমান, কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিংকি সাহা, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. নজরুল ইসলামসহ জেলার সকল বিভাগের বিভাগীয় প্রধান, উপজেলা চেয়ারম্যান, মেয়র, ইউপি চেয়ারম্যান অ্যাসোশিয়েশনের সভাপতি, ইমাম সমিতির সভাপতি, বণিক সমিতির সভাপতি ও সাংবাদিক।
