১১ হাজারের বেশি শিক্ষক নেবে সৌদি আরব

আপডেট : ২৩ জুলাই ২০২৩, ১৭:৪৩

শিগগিরই সৌদি আরব বিভিন্ন স্কুলে খালি থাকা ১১ হাজার ৫৫১ টি পদে নতুন শিক্ষক নিয়োগ নেবে। শুক্রবার (২১ জুলাই) দেশটির শিক্ষা মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। মধ্যপ্রাচ্য ভিত্তিক গণমাধ্যম গালফ নিউজ এর এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া যায়। 

দেশটির শিক্ষা মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে গালফ নিউজ জানায়, সৌদির বিভিন্ন স্কুলে রসায়ন, পদার্থবিজ্ঞান, গণিত, কম্পিউটার শিক্ষা, ইংরেজি ভাষা  ও ব্যবস্থাপনা বিষয়ে শিক্ষক নেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা যে বিষয়ে শিক্ষকতা করতে ইচ্ছুক তাদেরকে অবশ্যই বিষয়টির ওপর বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিধারী এবং শিক্ষাদানে দক্ষ হতে হবে।

প্রতিবেদনে বলা হয়, সৌদি সরকারের কর্মসংস্থান বিষয়ক অনলাইন প্ল্যাটফর্ম 'জাদারা' এর মাধ্যমে শিক্ষক পদে আবেদনে ইচ্ছুক প্রার্থীরা আবেদন করতে পারবেন। ২৫ জুলাই সৌদির স্থানীও সময় সকাল ৯টা থেকে আবেদন করার সময় শুরু হবে। আবেদনের শেষ সময় ৩০ জুলাই রাত ১১টা পর্যন্ত। তবে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া ও বেতন সম্পর্কে কোনো তথ্য জানায়নি গালফ নিউজ।

সৌদি শিক্ষা মন্ত্রণালয় জানায়, যারা আবেদনে সারা পাবে ব্যক্তিগত সাক্ষাৎকারের মাধ্যমেই তাদের মাঝে চূড়ান্ত নির্বাচন করা হবে। যোগ্য নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। অভিজ্ঞ প্রার্থীদের চাকরি দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। এসব শূন্য পদে চাকরি দেয়ার উদ্দেশ্য হচ্ছে বৈশ্বিক প্রতিযোগিতার জন্য দক্ষতা বৃদ্ধির মাধ্যমে যোগ্য একাডেমিক কর্মী তৈরি করা।

এছাড়া গত মে মাসে আগামী শিক্ষাবর্ষ থেকে মাধ্যমিক স্কুল পাঠ্যক্রমে মহাকাশবিজ্ঞান শেখানোর একটি পরিকল্পনা ঘোষণা করেছে সৌদি শিক্ষা মন্ত্রণালয়। এরই অংশ হিসেবে দুই সৌদি নভোচারী আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) ১০ দিনের মিশন সম্পন্ন করেছেন। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় বলেছিল, জাতীয় মানগুলির সাথে সামঞ্জস্য রেখে পাঠ্যক্রম, বিজ্ঞান, পৃথিবী ও মহাকাশ সম্পর্কে শেখার এবং শেখানোর প্রতি শিক্ষার্থীদের ইতিবাচক মনোভাব তৈরি করাই ছিল মিশনটির লক্ষ্য।

ইত্তেফাক/এএইচপি