ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, একশ্রেণির চক্রান্তকারী বিভিন্ন অপপ্রচার করে আমাকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার পায়তারা করছে। আমি তাদেরকে হুঁশিয়ারি করে বলে দিতে চাই, ৩৩ বছর বয়সে আমাকে ফরিদপুর-৪ আসনের জনগণ তাদের এমপি নির্বাচিত করেছে। কোনো কুচক্রী মহল আমাকে জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না।
সোমবার (২৪ জুলাই) বিকালে ভাঙ্গা সরকারি কেএম কলেজ মোড় হতে ভোগেরগাছা বাজার পর্যন্ত ১৩০০ মিটার সড়কের সংস্কার কাজের উদ্বোধন শেষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
নিক্সন চৌধুরী বলেন, দীর্ঘ ১০ বছর আমি উন্নয়ন মূল্যায়ন দিয়ে জনগণের দোরগোড়ায় পৌঁছেছি। যৌবনের সিংহভাগ সময় নিজেকে জনসেবায় নিয়োজিত রেখেছি। পরিবার-পরিজনের হক নষ্ট করে জনগণের পাশে আছি, থাকবো। একটি মহল অপপ্রচার চালাচ্ছে নৌকা না পেলে আমি নির্বাচন করব না। আমি তাদেরকে বলে দিতে চাই আমার শক্তি আমার জনগণ, কোনো কুচক্রী মহল আমাকে জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না। আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রীর কাছে আমি নৌকার নমিনেশন চাইবো। সারাদেশের মধ্যে সর্বোচ্চ ভোট আমি প্রধানমন্ত্রীকে উপহার দিব। যদি নৌকা প্রতীক না পাই প্রয়োজনে যে কোনো প্রতীক নিয়ে নির্বাচন করব ইনশাআল্লাহ।
তিনি বলেন, সম্প্রতি কিছু মানুষ নিজস্বার্থের জন্য জমি দখল বাস কাউন্টার দখলসহ ভাঙ্গার আইন-শৃঙ্খলার অবনতি ঘটানোর পায়তারা করছে। আমি তাদেরকে হুঁশিয়ারি করে দিতে চাই ভাঙ্গার আইন-শৃঙ্খলা বিনষ্টকারী যেই হোক কঠোর হাতে তাকে দমন করা হবে।
ভাঙ্গা পৌরসভার মেয়র আবু রেজা মোহাম্মদ ফয়েজ-এর সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি।
