ভাইস এডমিরাল এম নাজমুল হাসান এর নৌবাহিনী প্রধানের দায়িত্বভার গ্রহণ

আপডেট : ২৪ জুলাই ২০২৩, ২০:০৪

নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল এম নাজমুল হাসান সোমবার নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। তিনি পূর্বতন নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল এর স্থলাভিষিক্ত হয়েছেন। এ উপলক্ষ্যে নৌ সদর দপ্তরে দুপুরে দায়িত্বভার হস্তান্তর হয়। এ সময় নৌপ্রধানের কার্যালয়ে নবনিযুক্ত নৌপ্রধান ভাইস এডমিরাল এম নাজমুল হাসান কমান্ড হস্তান্তর গ্রহণ বইতে স্বাক্ষরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ নৌবাহিনীর কমান্ড গ্রহণ করেন। উক্ত অনুষ্ঠানে নৌ সদরের প্রিন্সিপাল ষ্টাফ অফিসার,  সব আঞ্চলিক কমান্ডার, ডকইয়ার্ড/শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক এবং উর্ধ্বতন নৌ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নব নিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল এম নাজমুল হাসান বাংলাদেশ নৌবাহিনীতে ১ জুলাই ১৯৮৬ সালে কমিশন লাভ করেন। সুদীর্ঘ ও বর্ণাঢ্য চাকুরি জীবনে তিনি বিভিন্ন স্টাফ, ইন্সট্রাকশনাল এবং কমান্ড দায়িত্বে নিয়োজিত ছিলেন। তিনি নৌসদরে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স), সহকারী নৌবাহিনী প্রধান (পার্সোনেল), পরিচালক নৌ অপারেশন্স ও নৌ গোয়েন্দা এবং সশস্ত্র বাহিনী বিভাগে অসামরিক-সামরিক সংযোগ পরিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ নৌবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধজাহাজ বানৌজা ওমর ফারুকসহ চারটি যুদ্ধজাহাজের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি বাংলাদেশ নেভাল একাডেমির কমাড্যান্ট এবং নেভাল এভিয়েশন ও বাংলাদেশ নৌবাহিনীর স্পেশাল ফোর্স (সোয়াডস) কমান্ড করেন। গৌরবময় সামরিক জীবনে তিনি অত্যন্ত দক্ষতা ও সফলতার সঙ্গে কমান্ডার বিএন ফ্লিট এবং কমান্ডার চট্টগ্রাম নৌঅঞ্চল হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় তিনি ভাষানচরে বলপূর্বক বাস্তুচ্যুত মায়ানমার নাগরিকদের পুনর্বাসন প্রক্রিয়া সুচারুরূপে চলমান রাখেন। তাছাড়া দুর্গম উপকূলীয় এলাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে গৃহহীন দরিদ্র জনগোষ্ঠীর পুনর্বাসনে বিশেষ ভূমিকা রাখেন। চট্টগ্রাম নৌঅঞ্চলের কমান্ডার হিসেবে তিনি কক্সবাজারের ইনানীতে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ (আইএফআর) ২০২২ এর প্রধান আয়োজক হিসেবে দায়িত্ব পালন করেন।

 

 

 

ইত্তেফাক/এসসি