পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হলেন সুপ্রদীপ চাকমা

আপডেট : ২৫ জুলাই ২০২৩, ০৯:৫১

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে সাবেক রাষ্ট্রদূত ও পররাষ্ট্র ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা সুপ্রদীপ চাকমাকে নিয়োগ দিয়েছে সরকার।

সোমবার (২৪ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সচিব কানিজ ফাতেমার স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড আইন, ২০১৪ এর ধারা-৬ (২) অনুযায়ী বিসিএস (পররাষ্ট্র) ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও সাবেক রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমাকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে সরকারের সচিব পদমর্যাদায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হলো।

এই নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

একই পদে ২০২১ সালে দুই বছরের মেয়াদে নিখিল কুমার চাকমাকে নিয়োগ দেওয়া হয়। যার মেয়াদ চলতি বছর ৭ জুলাই শেষ হয়।

সুপ্রদীপ চাকমা বিসিএস পররাষ্ট্র ক্যাডারে ১৯৮৫ ব্যাচের একজন কর্মকর্তা। চাকরিকালীন তিনি মেক্সিকো ও ভিয়েতনামে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন।  এছাড়াও তিনি রাবাত, ব্রাসেলস, আঙ্কারা ও কলম্বোতে বাংলাদেশ দূতাবাসে বিভিন্ন কূটনৈতিক দায়িত্ব পালন করেছেন।

ইত্তেফাক/আরএজে