শেখ হাসিনার কিছু হলে দক্ষিণাঞ্চল বন্ধ করে দেওয়া হবে: চিফ হুইপ

আপডেট : ২৬ জুলাই ২০২৩, ১৬:৩৭

জাতীয় সংসদের চিফ হুইপ ও আওয়ামী লীগ পার্লামেন্টারি পার্টির সেক্রেটারি নূর-ই-আলম চৌধুরী লিটন এমপি বলেছেন, আজ যদি শেখ হাসিনার কিছু হয় সারা বাংলাদেশের মানুষ রাস্তায় নামবে। আর এই দক্ষিণবঙ্গের মূল হলো শিবচর। শিবচরের সবাই মিলে এই দক্ষিণবঙ্গ বন্ধ করে দেওয়া হবে। 

বুধবার (২৬ জুলাই) সকালে শিবচরের মাদবরচর ইউনিয়নের বাখরেরকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন শেষে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে তিনি নবনির্মিত শেখ হাসিনা ইন্সটিটিউট অফ হেলথ টেকনোলজি (আইএইচটি) এর শিক্ষা কার্যক্রমের উদ্বোধন ও পরিচিতি অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

চিফ হুইপ বলেন, এখন শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করার সাহস আপনারা (বিএনপি) কেউ আর করবেন না। কারণ আজকে আর আওয়ামী লীগ নেতা-কর্মীরা আর সেই জায়গায় নেই। আওয়ামী লীগের কোটি কোটি নেতা-কর্মী যদি রাস্তায় নামে তাহলে কোনো ষড়যন্ত্রকারীই এই বাংলার মাটিতে বেশিক্ষণ টিকে থাকতে পারবে না। 

তিনি বলেন, এখন আর কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না। কারণ যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে জনগণ তখন বুঝে নাই। জনগণ যদি রাস্তায় নামতো তাহলে ওই কয়েকজন সেনাবাহিনী বঙ্গবন্ধুকে হত্যা করে রেহাই পেত না। বিএনপি যদি মনে করে তাদের ছাড়া নির্বাচন হবে না সেটা ভুল ধারণা। আপনাদের দল টিকানোর জন্য আপনাদেরকেই নির্বাচনে আসতে হবে। আপনারা যদি বারবার নির্বাচন নিয়ে এমন ষড়যন্ত্র করেন তাহলে আপনাদের পরিণতি এক সময় ওই পাকিস্তানের মুসলিম লীগের মতোই হবে। জনগণের স্মার্ট বাংলাদেশের জন্য আমরা তেমনিভাবে স্মার্ট ছেলে মেয়েদেরকে তৈরি করব।

এ সময় মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী, শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাজিবুল ইসলাম,  সিনিয়র সহকারী পুলিশ সুপার ( শিবচর সার্কেল) মো. আনিছুর রহমানসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। 

ইত্তেফাক/এবি