চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলতে ভারতকে অনুরোধ আইএমএফ'র

আপডেট : ২৬ জুলাই ২০২৩, ২১:১৪

চাল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা তুলতে ভারতকে অনুরোধ জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। এই নিষেধাজ্ঞা বিশ্ব মুদ্রাস্ফীতির ওপর প্রভাব ফেলবে বলে মনে করছে সংস্থাটি। আইএমএফ প্রধান অর্থনীতিবিদ পিয়েরে-অলিভিয়ের এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন।

ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, সরকার ২০ জুলাই থেকে অভ্যন্তরীণ সরবরাহ বাড়াতে এবং আসন্ন উৎসব মৌসুমে খুচরা দাম নিয়ন্ত্রণে রাখতে সাদা চালের রপ্তানি নিষিদ্ধ করে। ভারত থেকে রপ্তানিকৃত মোট চালের প্রায় ২৫ শতাংশই এই চাল।

খাদ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সিদ্ধ নন-বাসমতি চাল এবং বাসমতি চালের রপ্তানি নীতিতে কোনো পরিবর্তন হবে না। বর্তমান পরিবেশে, এ ধরনের বিধিনিষেধ বিশ্বের বাকি অংশে খাদ্যের দামের অস্থিরতা বাড়িয়ে তুলতে পারে।

বিশেষজ্ঞদের দাবি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডার পাশাপাশি পূর্ব ইউরোপের দেশগুলোতেও মুদ্রাস্ফীতির মারাত্মক প্রভাব পড়বে। এর প্রভাব দেখা যাবে মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাত বা সৌদি আরবের মতো দেশগুলোতেও।

প্রসঙ্গত, ২০২২-২৩ সালে ভারত থেকে মোট ৪.২ মিলিয়ন ডলার মূল্যের সাদা চাল রপ্তানি হয়, আগের বছর এটি ছিল ২.৬২ মিলিয়ন মার্কিন ডলার। ভারত থেকে চাল রপ্তানির প্রধান গন্তব্যগুলির মধ্যে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, ইতালি, স্পেন এবং শ্রীলঙ্কা। অভ্যন্তরীণ বাজারে সাদা চালের পর্যাপ্ত প্রাপ্যতা নিশ্চিত করতে এবং স্থানীয় মূল্যবৃদ্ধি কমাতে ভারত সরকার রপ্তানি নীতি সংশোধন করেছে।

ইত্তেফাক/এএইচপি