নারী ফুটবল দলের খণ্ডকালীন সময়ের জন্য সাবিনা-সাজিদাদের কোচ হিসাবে সাইফুল বারি টিটুকে নিয়েছিল বাফুফে। টিটুর হাতে তুলে দেওয়া হয়েছিল এশিয়ান গেমস নারী ফুটবলের দায়িত্ব। কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত হয়নি টিটু আদৌ চীনে এশিয়ান গেমসে যেতে পারবেন না। টিটুর নাম এখনো তালিকায় ঠাঁই পায়নি।
বাফুফে টিটুর নাম পাঠিয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিশেয়নে। তারা এশিয়ান গেমস আয়োজক সাংগঠনিক কমিটির কাছে পাঠাবে অনুমোদন। জানা গেছে বিওএ পাঠিয়েছে। কিন্তু এখনো অনুমোদন হয়ে আসেনি। ফুটবল দলের তালিকায় নাম ছিল গোলাম রাব্বানী ছোটন, পল স্মলিদের । কিন্তু এই দুজন থাকায় তাদের পরিবর্তে কোচ টিটুকে অন্তর্ভুক্ত করতে পারছে না। যদি টিটুকে না পাঠানো যায় তাহলে সহকারী কোচ মাহবুবুর রহমান লিটু দায়িত্ব পালন করবেন। লিটুর নাম আগেই দেওয়া ছিল। লিটু গেলে টিটু বাদ। এশিয়ান গেমস চলাকালিন থাইল্যান্ডে অনুর্ধ্ব-১৭ এএফসি নারী ফুটবলের গ্রুপ পর্বের খেলা। বাফুফে চিন্তা করছে টিটু এশিয়ান গেমসে না যেতে পারলে থাইল্যান্ডে যাবে।
এশিয়ান গেমস ফুটবল দলের খেলোয়াড়রা এখন ছুটিতে রয়েছেন। তারা ৩১ জুলাইয়ের আগেই ক্যাম্পে যোগ দেবেন। ১ আগস্ট হতে প্রস্তুতি শুরু করার কথা রয়েছে। নারী ফুটবলাররা ছুটিতে যাওয়ার আগে তাদের কিছু দাবিদাওয়া দিয়ে গেছে বাফুফের কাছে। বেতন ১০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫০ হাজার করতে হবে। চার মাস পর আন্তর্জাতিক ম্যাচের ব্যবস্থা করতে হবে। আরো অনেক কিছুই দাবি করেছেন সাবিনারা।
