‘গলা টিপে’ ধরেছে ছেলে, শ্বাস নিতে পারছেন না শাহরুখ!

আপডেট : ২৭ জুলাই ২০২৩, ১৮:৫৫

প্রথম সন্তান সবসময়ই বাবা-মায়ের বেশি কাছের হয়। বলিউড বাদশা শাহরুখ খানের ক্ষেত্রেও তার বড় ছেলে আরিয়ান খানও ঠিক তেমনি। কিন্তু বাবার আদরের ছেলে হয়েও বাবার গলা টিপে ধরেছেন আরিয়ান! শ্বাস নিতে না পেরে হাঁপিয়ে উঠেছেন শাহরুখ। সম্প্রতি এমনই একটা ভিডিও দেখে উদ্বেগ ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, শাহরুখ-আরিয়ানের একটি পুরোনো ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটি তে দেখা যাচ্ছে দশ বছরের আরিয়ানকে শত্রুপক্ষকে আক্রমণ করার বিশেষ কৌশল শেখাতে গিয়ে নিজেই ফেঁসে গিয়েছেন শাহরুখ। ছেলেকে বাদশা শিখিয়েছিলেন কীভাবে হাত দিয়ে গলা চেপে ধরতে হয়। আর শেখার পর সেই টেকনিক প্রয়োগ করতে গিয়ে বাবারই গলা চেপে ধরেছেন আরিয়ান।এদিকে শাহরুখের দম বন্ধ হয়ে আসছিল। শর্ত ছিল শাহরুখ ‘মাতে’ বললে, তবেই আরিয়ান হাত ছাড়বে। আর তাই আরিয়ানকে ছাড়ানোর জন্য শাহরুখ শেষপর্যন্ত বারবার ‘মাতে মাতে’ বলে থাকেন। বাবার এমন অবস্থা দেখে বেশ মজা পেয়েছিল ছোট্ট আরিয়ান। তবে শাহরুখও রেগে যাননি। তবে ছেড়ে দেওয়ার পর আরিয়ান বলতে থাকেন, ‘আমি কিন্তু আগেই বলেছিলাম..’।

এদিকে সোশ্যাল মিডিয়ায় শাহরুখ-আরিয়ানের এমন খুনসুটির ভিডিও তে ভক্তরা মজা পেয়ে ভাসিয়ে দিচ্ছে নানা মন্তব্যে। কেউ বলেছেন, ‘ছোটবেলায় আরিয়ানকে গৌরীর মতো দেখতে ছিল।’ কারোর কথায়, ‘আরিয়ান বোধহয় শুধু ছোটবেলাতেই হাসত।’, কারোর মন্তব্য, ‘এই প্রথম স্বাভাবিক আরিয়ানকে দেখলাম’, কারোর কথায়, ‘ছোটবেলাটাই ভালো ছিল।’

খুব শীঘ্রই শাহরুখ খানকে 'জওয়ান' ছবিতে দেখা যাবে। এদিকে আরিয়ান খানও ছবি পরিচালনায় হাত পাকাচ্ছেন। সঙ্গে খুলেছেন আন্তর্জাতিক মানের পোশাক বিপনী সংস্থা।

ইত্তেফাক/পিএস