‘ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা সজিব ওয়াজেদ জয়’

আপডেট : ২৭ জুলাই ২০২৩, ২১:৪৪

শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. ইকবাল হোসেন অপু বলেছেন, ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা সজিব ওয়াজেদ জয়। তারই হাত ধরে দেশ আজ তথ্যপ্রযুক্তির উন্নত শিখরে পৌঁছাতে পেরেছে। তিনি তরুণ প্রজন্মের অহংকার।

বৃহস্পতিবার (২৭ জুলাই) শরীয়তপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  

তিনি বলেন, তথ্য প্রযুক্তি খাতে বাংলাদেশ দীর্ঘসময় পিছিয়ে ছিলো। দেশকে এগিয়ে নিতে ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের জাতীয় নির্বাচনে দলীয় ইশতেহারে ‘ডিজিটাল বাংলাদেশ’ গড়ার প্রতিশ্রুতি দেওয়া হয় তারই প্রস্তাবে। সে সময় বিরোধী পক্ষ ডিজিটাল বাংলাদেশ নিয়ে নানা কটাক্ষ, সমালোচনা করলেও এখন তথ্য ও প্রযুক্তিগত সুবিধা মানুষের হাতের মুঠোয়। এটা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী রূপকল্প বাস্তবায়নে আইসিটি উপদেষ্টা হিসেবে পাশে থাকা সজীব ওয়াজেদের কারণেই।

ইকবাল হোসেন অপু বলেন, আজ দেশকে নিয়ে বিএনপি ষড়যন্ত্র করছে। এজন্য তারা বিভিন্ন সময়ে নানারকম কৌশল গ্রহণ করছে। একসময় তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে সারাদেশে তাণ্ডব চালিয়েছিল। এই দেশে সংবিধান অনুযায়ী আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। জনগণ যাকে চাইবে তারাই ক্ষমতায় আসবে। 

এসময় জেলা, সদর, পৌরসভা আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  

ইত্তেফাক/এমএএম