এসএসসি-সমমানের ফলাফল

এবারও জিপিএ-৫ ও পাসের হারে এগিয়ে মেয়েরা

আপডেট : ২৮ জুলাই ২০২৩, ১২:২৪

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এ বছর গড় পাসের হার ও জিপিএ-৫ এ এগিয়ে আছে মেয়ে শিক্ষার্থীরা। গত বছরও জিপিএ-৫ ও পাসের হারে মেয়েরা এগিয়ে ছিল।

শুক্রবার (২৮ জুলাই) সকালে প্রকাশিত ফলাফলে দেখা গেছে, চলতি বছর পাস করেছেন ১৬ লাখ ৪১ হাজার ১৪০ জন শিক্ষার্থী। মোট পাসের হার ৮০.৩৯ শতাংশ। এছাড়া জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮৩ হাজার ৫৭৮ জন।

পরীক্ষায় অংশ নেওয়া মোট ২০ লাখ ৪১ হাজার ৪৫০ শিক্ষার্থীর মধ্যে ছেলে ১০ লাখ ৯ হাজার ৮০৩ জন ও মেয়ে ১০ লাখ ৩১ হাজার ৬৪৭ জন। পাস করা ১৬ লাখ ৪১ হাজার ১৪০ জনের মধ্যে ছেলে ৭ লাখ ৯৬ হাজার ৪০৪ জন ও মেয়ে ৮ লাখ ৪৪ হাজার ৭৩৬ জন।

গড় হিসেবে মেয়েদের পাসের হার ৮১ দশমিক ৮৮ শতাংশ এবং ছেলেদের পাসের হার ৭৮ দশমিক ৮৭ শতাংশ।

এদিকে জিপিএ-৫ পাওয়া ১ লাখ ৮৩ হাজার ৫৭৮ জন শিক্ষার্থীর মধ্যে ছেলে ৮৪ হাজার ৯৬৪ জন ও মেয়ে ৯৮ হাজার ৬১৪ জন।

প্রাপ্ত ফল অনুযায়ী, ঢাকা বোর্ডে পাসের হার ৭৭ দশমিক ৫৫ শতাংশ, বরিশালে ৯০ দশমিক ১১ শতাংশ, চট্টগ্রামে ৭৮ দশমিক ২৯ শতাংশ, কুমিল্লায় ৭৮ দশমিক ৪২ শতাংশ, দিনাজপুরে ৭৬ দশমিক ৮৪ শতাংশ, রাজশাহীতে ৮৭ দশমিক ৮৮ শতাংশ, সিলেটে ৭৬ দশমিক ০৬ শতাংশ, ময়মনসিংহ ৮৫ শতাংশ ও যশোরে ৮৬ দশমিক ১৭ শতাংশ। আর মাদ্রাসা বোর্ডে পাসের হার ৭৪ দশমিক ৭০ শতাংশ ও কারিগরি শিক্ষাবোর্ডে ৮৩ দশমিক ৪০ শতাংশ।

ইত্তেফাক/এসকে