মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিব গোলাম মাওলাকে রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধ। বৃহস্পতিবার (২৭ জুলাই) সকালে ঘটনাটি ঘটে।
এদিকে, হামলার ওই ঘটনায় গতকাল রাতেই ভুক্তভোগী গোলাম মাওলা বাদী হয়ে চারজনকে আসামি করে মাদারীপুর সদর থানায় মামলা করেছেন।
জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়ন পরিষদের সচিব গোলাম মাওলার কাছে কয়েকদিন আগে জন্ম নিবন্ধনের জন্য আসেন স্থানীয় শাহাবুদ্দিন সরদার নামে এক লোকের স্বজনরা। সার্ভারে সমস্যার কারণে জন্ম নিবন্ধন পেতে দেরি হয়। এ কারণে ক্ষিপ্ত হয়ে গতকাল সকালে সদর উপজেলার ব্রাহ্মন্দী নামক স্থানে গোলাম মওলাকে একা পেয়ে রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন অভিযুক্তরা। পরে গোলাম মওলাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
গোলাম মাওলা জানান, কয়েকদিন আগে জন্ম নিবন্ধন করতে এসেছিলেন শাহাবুদ্দিনের এক আত্মীয়। সার্ভারে সমস্যা হওয়ার কারণে জন্ম নিবন্ধন করতে একটু দেরি হয়েছে। এ কারণে ক্ষিপ্ত হয়ে তারা আমার ওপর হামলা করেছে। আমি বিচার চাই।
মাদারীপুর সদর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী জানান, মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
