কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর থেকে প্রায় ২০ কিলোমিটার দক্ষিণে আকস্মিক ঝড়ের কবলে পড়ে ২৯ জেলেসহ দুইটি মাছ ধরা ট্রলার ডুবে যায়। শুক্রবার (২৮ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে ঝড় এবং উত্তাল ঢেউয়ের তোড়ে ট্রলার ডুবির ঘটনা ঘটে। এতে এফবি জোবায়ের ট্রলারের রবিউল নামে ১ জেলে নিখোঁজ রয়েছে।
ট্রলার ডুবির ঘটনার পর সাগরে ভাসমান অবস্থায় এ সময় কাছাকাছি থাকা অন্য ট্রলার তাদের ২৮ জনকে উদ্ধার করলে ও রবিউল এবং ডুবে যাওয়া ট্রলার ও জাল উদ্ধার করতে পারেনি। উদ্ধারকৃত জেলেদের বাড়ি রাঙ্গাবালী উপজেলার কাজীকান্দা ও মৌডুবী গ্রামে।
মহিপুর গাজী ফিসের স্বত্তাধিকারী মজনু গাজী জানায়, রাঙ্গাবালী উপজেলার মৌডুবীর রশিদ মেম্বারের এফবি মুনিয়া ট্রলারটি আমার আড়ৎ থেকে সমুদ্রে মাছ ধরার উদ্দ্যেশ্যে ছেড়ে যায়। শুক্রবার দুপুরের পরে হঠাৎ ঢেউয়ের তান্ডবে পড়ে ডুবে যায়। কাছাকাছি থাকা অন্য মাছ ধরা ট্রলার ডুবে যাওয়া ট্রলারের ১৪ জেলেকে উদ্ধার করে মহিপুরে নিয়ে আসে। কিন্তু ট্রলার উদ্ধার করা সম্ভব হয়নি।
এফভি জোবায়ের ট্রলারের মালিক ইলিয়াস মৃধা বাড়ি রাঙ্গাবালী উপজেলার কাজীকান্দা গ্রামে তিনি জানান, বৃহস্পতিবার রাতে মহিপুর বন্দর থেকে তার ট্রলারটি ছেড়ে যায়। শুক্রবার সকাল ১২টার দিকে জাল ফেলার সময় আকস্মিক ঝড় এবং উত্তাল ঢেউয়ের তোড়ে ট্রলার ডুবে যায় বলে উদ্ধার হওয়া জেলেরা তাকে জানিয়েছেন। এতে প্রায় ত্রিশ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান।
মহিপুর মৎস্য আড়ৎ সমবায় সমিতির সাধারণ সম্পাদক রাজা মিয়া জানায়, মহিপুর মৎস্য আড়ৎ সমবায় সমিতির দুটি মাছ ধরা ট্রলার শুক্রবার সমুদ্রে ডুবে গেছে। এখনো ট্রলার দুটি উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধারের প্রক্রিয়া চলছে। তবে ট্রলারে থাকা ২৯ জেলের মধ্যে ২৮ জেলে উদ্ধার। ১ জন নিখোঁজ রয়েছে বলে তিনি জানান।
