ভারতে কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা শতাধিক। ইতোমধ্যে পশ্চিমবঙ্গে দুজনের মৃত্যু হয়েছে। বন্ধুপ্রতিম প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশেও ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক। চলতি বছরে বাংলাদেশে মারা গিয়েছেন ১২৭ জন। হাসপাতালে চিকিৎসাধীন সাড়ে পাঁচ হাজার মানুষ।
কলকাতা-সহ পশ্চিমবঙ্গে ডেঙ্গু ছড়াচ্ছে। সেখানে ইতিমধ্যেই পাঁচজন মারা গেছেন। ডেঙ্গু ছড়াতে থাকায় কলকাতা কর্পোরেশনের স্বাস্থ্য দপ্তর ও পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তর কিছু সিদ্ধান্ত নিতে চলেছে। তার মধ্যে অন্যতম হলো, বাংলাদেশ থেকে আসা মানুষদের রক্তপরীক্ষা করা এবং নিশ্চিত হওয়া যে, তাদের ডেঙ্গু হয়নি। কলকাতা কর্পোরেশন পক্ষ থেকে ইতিমধ্যেই স্বাস্থ্য দপ্তরকে এই ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এর আগে বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে ডেঙ্গু আসছে। যাদের হয়েছে, তারা সবাই বাংলাদেশ থেকে এসেছেন। প্রতিবেশী দেশ। কিছু করার নেই।’
এদিকে বাংলাদেশের তথ্যমন্ত্রী হাছান মাহমুদ এখন কলকাতায়। বৃহস্পতিবার (২৭ জুলাই) কলকাতা প্রেস ক্লাবে মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘ভারত সতর্কতামূলক ব্যবস্থা নিতেই পারে। তাতে কোনো আপত্তি নেই। একসময় কোভিড ১৯-এও তো নেয়া হয়েছিল।’
তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশে সরকার।
