ভারতে বাস দুর্ঘটনায় নিহত ৬, আহত ২০

আপডেট : ২৯ জুলাই ২০২৩, ১৫:৩৫

ভারতের মহারাষ্ট্র রাজ্যের বুলধানা জেলার মালকাপুর এলাকায় নান্দুর নাকা ফ্লাইওভারে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত এবং অন্তত ২০ জন আহত হয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে শুক্রবার (২৮ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় কর্মকর্তারা এনডিটিভিকে জানান, বাস দুটির মধ্যে একটি বালাজি ট্রাভেলস কোম্পানির এবং অন্যটি রয়াল ট্রাভেলসের। এর মধ্যে বালাজি ট্রাভেলস কোম্পানির বাসটি হিংগোলি জেলা থেকে অমরনাথ যাত্রার তীর্থযাত্রীদের নিয়ে ফিরছিল। আহত ২০ যাত্রীকে বুলধানার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এছাড়াও দুর্ঘটনায় সামান্য আহত ৩২ জন যাত্রীকে কাছাকাছি অবস্থিত একটি গুরুদুয়ারাতে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। নিহতদের মধ্যে অমরনাথ যাত্রা থেকে ফেরা বাসটির চালকও রয়েছে।

হাইওয়ে পুলিশ জানায়, সড়ক থেকে বাসটি সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে দুর্ঘটনার জন্য শোক প্রকাশ করেছেন এবং মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রত্যেককে ৫ লক্ষ রুপি ঘোষণা করেছেন। সরকারি খরচে আহতদের যথাযথ চিকিৎসা দেওয়ারও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

সম্প্রতি বুলধানা জেলায় সড়ক দুর্ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। এর আগে ১ জুলাই বুলধানাতেই বাসে আগুন লেগে অন্তত ২৫ জনের মৃত্যু হয়। আর ২৩ জুলাই জেলার নাগপুর-পুনে মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে সাত জন নিহত ও ১৪ জন আহত হন।

ইত্তেফাক/একেএম/এফএস