কুষ্টিয়ায় হতদরিদ্রদের মধ্যে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিতরণ

আপডেট : ২৯ জুলাই ২০২৩, ২১:২৪

কুষ্টিয়ায় হতদরিদ্র কার্ডধারীদের মাঝে স্বল্পমূল্যে টিসিবির পণ্য (চাল,ডাল ও সয়াবিন তেল) বিতরণ করা হয়েছে। শনিবার (২৯ জুলাই) বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ এ কার্যক্রম উদ্বোধন করেন।

এ কার্যক্রমের আওতায় কুষ্টিয়া সদর উপজেলার ৪৮৫ জন উপকারভোগীর প্রত্যেক পরিবার প্রতিমাসে একবার স্বল্পমূল্যে টিসিবির পণ্য পাবেন।

টিসিবির পণ্য পেয়ে হতদরিদ্র নিজাম উদ্দিন বলেন, কম দামে এসব নিত্যপণ্য পাওয়ায় খুবই ভালো লাগছে। সরকারের এই খাদ্যবান্ধব কর্মসূচির পরিধি বাড়িয়ে তা সারা বছর চলমান রাখার দাবি জানায়।

প্রধান অতিথির বক্তব্যে সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ বলেন, দেশের হতদরিদ্র জনগোষ্ঠীকে খাদ্য সহয়তা দিতে সারাদেশে বাজার দরের তুলনায় অনেক কম দামে টিসিবির পণ্য বিতরণ করা হচ্ছে। এটি সরকারের খাদ্যবান্ধব বিশেষ কর্মসূচি। কার্ডধারীরা প্রতিকেজি ৩০ টাকা দরের ৫ কেজি চাল, প্রতি লিটার ১০০ টাকা দরে ২ লিটার সয়াবিন তেল ও প্রতিকেজি ৬০ টাকা দরে ২ কেজি মশুরের ডাল পাবেন। উপকারভোগীরা নিজ নিজ এলাকার ডিলারের কাছ থেকে প্রতিমাসে তাদের বরাদ্দকৃত টিসিবির পণ্য বুঝে নেবেন।

এ সময় তিনি স্বচ্ছতা ও জবাবদিহিতার এ কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়ন করতে প্রশাসনের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেন। পণ্য বিতরণে কোনো অনিয়ম মেনে নেওয়া হবে না বলে তিনি সতর্ক করেন।

কুষ্টিয়া জেলা প্রশাসক মো. এহেতেশাম রেজার সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন খান, কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধন কুমার বিশ্বাস, নির্বাহী ম্যাজিষ্ট্রেট দবির উদ্দিন, ওয়ার্ড কাউন্সিলর মহিদুল ইসলামসহ আরও অনেকে।

উল্লেখ্য, কুষ্টিয়া জেলার ৬ উপজেলার ৯০ হাজার হতদরিদ্র কার্ডধারী পরিবার প্রতিমাসে বাজার দরের চেয়ে কম দামে টিসিবির ৫ কেজি চাল, ২ কেজি ডাল ও ২ কেজি সয়াবিন তেল নিতে পারবেন।

ইত্তেফাক/এবি