মাদারীপুরের শিবচর ডায়াবেটিক সমিতির উদ্যোগে ২ শ রোগী বিনামূল্যে ডায়াবেটিকস ও চক্ষু রোগের চিকিৎসা পেয়েছেন। শনিবার (২৯ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত চলা ক্যাম্পেইন উদ্বোধন করেন শিবচর ডায়াবেটিক সমিতির চেয়ারম্যান রাজিয়া চৌধুরী। এ পর্যন্ত শিবচর ডায়াবেটিক সমিতির উদ্যোগে উপজেলার ৯ টি ইউনিয়নে ৫ টি ক্যাম্পেইন এর মাধ্যমে প্রায় ২২শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হলো।
জানা যায়, সনাক্তকৃত ডায়াবেটিকস রোগীদের মধ্যে অর্ধেক জানতোই না তারা ডায়াবেটিকস আক্রান্ত। ইউনিয়ন পর্যায়ে এই ক্যাম্পিং এর ফলে এসকল রোগীরা চিকিৎসার আওতায় আসলো।
এদিন উপজেলার দ্বিতীয়খন্ড ইউনিয়নের লিটন চৌধুরী উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে ডায়াবেটিস, ব্লাড গ্রুপ নির্ণয়, ব্লাড প্রেসার ও চক্ষু পরীক্ষার আয়োজন করে শিবচর ডায়াবেটিক সমিতি। এসময় দ্বিতীয়খন্ড ও পাচ্চর ইউনিয়নের ১শ৪০ জন রোগী ডায়াবেটিকস ও ৬০ জন চক্ষু রোগীকে বিনামূল্যে ডায়াবেটিকস, ব্লাড গ্রুপ নির্ণয়, ব্লাড প্রেসার পরীক্ষা করে ব্যবস্থাপত্র প্রদান করা হয়।
ডায়াবেটিকস সমিতি সূত্র জানায়, এ পর্যন্ত শিবচরের ৯টি ইউনিয়নে ক্যাম্পিং এর মাধ্যমে ২২শ রোগীকে ডায়াবেটিকস সমিতির পক্ষ থেকে সেবা দেয়া হয়। শনিবারের তথ্য ব্যতীত এ পর্যন্ত ৯শ৭৫ জন রোগীর ডায়াবেটিক পরীক্ষা করা হয়। এরমধ্যে ৪৫০ জন রোগীর ডায়াবেটিক সনাক্ত হয়। যাদের মধ্যে অধিকাংশই জানেন না তারা ডায়াবেটিকস আক্রান্ত।
এসময় শিবচর ডায়াবেটিক সমিতির চেয়ারম্যান রাজিয়া চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাডভোকেট মোঃ হাবিবুর রহমান, জেলা পরিষদ সদস্য আয়শা সিদ্দিকা মুন্নী, সাবেক সদস্য মোঃ শাহারিয়ার খান রানা, শিবচর ডায়াবেটিস সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আলীমসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
