কারখানার পদ দখল করতে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ৯

আপডেট : ৩০ জুলাই ২০২৩, ২০:১৭

নরসিংদীর মাধবদীতে নাজমুল (৪০) নামে ডাইং এন্ড প্রিন্টিং ফিনিশিং কারখানার এক শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের স্বজনদের অভিযোগ, কারখানার রং মাস্টারের পদ দখল করতে পরিকল্পিতভাবে তারই সহকর্মীরা তাকে হত্যা করেছে। 

রোববার (৩০ জুলাই) দুপুরে উপজেলার ভগিরথপুর এলাকার নিলা ডাইং এন্ড প্রিন্টিং ফিনিশিং মিল থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত নাজমুল (৪০) নিলা ডাইং এন্ড প্রিন্টিং ফিনিশিং মিলের রং মাস্টার হিসেবে  কর্মরত ছিলেন। তিনি ময়মনসিংহের নেহালিয়া কান্দা গ্রামের কুদ্দুস আলীর ছেলে।

নাজমুলের শ্যালক কিরন অভিযোগ করেন, তার দুলাভাই ১০ বছর যাবৎ ওই কারখানায় রং মাস্টার হিসেবে কর্মরত রয়েছেন। নাজমুলের অধীনে থাকা এক সহকর্মী তার রং মাস্টারের পদ নিতে চেয়েছিল। এ নিয়ে তাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়। এরই জেরে তার দুলাভাইকে কয়েকজন মিলে পরিকল্পিতভাবে পিটিয়ে ও অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে হত্যা করেছে। দীর্ঘ সময় তার লাশ পড়ে থাকলেও কারখানা কর্তৃপক্ষ আমাদের ভেতরে ঢুকতে দেয়নি। আমরা এর বিচার চাই। 

এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষকে ফোন দিলেও কেউ ফোন রিসিভ করেনি।

মাধবদী থানার ওসি তদন্ত তরিকুল ইসলাম বলেন, কারখানার ভেতর থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নাজমুলকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে মিলের ৯ কর্মচারীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে এসেছি। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

ইত্তেফাক/এবি