পানির অভাবে পাট জাগ দেওয়া নিয়ে বিপাকে চাষি

আপডেট : ৩১ জুলাই ২০২৩, ০১:৩০

ভরা বর্ষা মৌসুমেও এ বছর দেশের অধিকাংশ এলাকায় খালবিল ও নদীগুলো প্রায় পানি শূন্য। কাঙ্ক্ষিত বৃষ্টি না হওয়ায় খালবিলে পানি আসেনি, ভরেনি অভ্যন্তরীণ নদনদী। মাঝেমধ্যে বৃষ্টি হলেও তা চাহিদার তুলনায় খুবই কম। এরই মধ্যে শুরু হয়েছে পাট কাটা। তবে পানির অভাবে পাট জাগ দেওয়া নিয়ে বিপাকে পড়েছেন পাটচাষিরা। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:

সিরাজগঞ্জ: জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, এ বছর জেলায় ১৭ হাজার ২৯৮ হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। বর্তমানে পাট কাটা শুরু হয়েছে। খালবিলে পানি না জমায় দূরে নিয়ে জাগ দিতে হচ্ছে চাষিদের। চররায়পুর গ্রামের চাষি জাহাঙ্গীর আলম  বলেন, পাট ভালো হলেও পানির অভাবে জাগ দিতে পারছেন না।  কয়েক দিন কেটে জমিতে রেখে  উপায় অন্ত না দেখে ভ্যানে করে দূরে নদীতে নিয়ে জাগ দিচ্ছেন । সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার সাদাত বলেন, পানির অভাবে কোনো কোনো এলাকায়  পাট জাগে সমস্যা হচ্ছে। বৃষ্টির পরিমাণ বাড়লে সমস্যা কেটে যাবে বলে জানান তিনি।

বেড়া (পাবনা): উপজেলার বড়শিলা গ্রামের কৃষক আব্দুল মান্নান দুই বিঘা জমিতে পাটের আবাদ করে চরম বিপাকে পড়েছেন। কারণ খেতের পাট জাগ দেওয়ার মতো পানি আশপাশের দেড়-দুই কিলোমিটারের মধ্যে নেই। পাট জাগ দেওয়ার সময় গড়িয়ে যাওয়ায় খেতের পাট শুকিয়ে যেতে শুরু করেছে। আব্দুল মান্নানের মতো এবার পাট পচানো নিয়ে চরম দুর্ভোগে পড়েছেন পাবনার বেড়া উপজেলার বেশির ভাগ পাটচাষি। বেড়া উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা ইউসুফ আলী জানান, উপজেলায় ৩ হাজার ২০০ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে।  খরার কারণে পাটচাষিরা পাট জাগ দেওয়া নিয়ে বিড়ম্বনায় পড়েছেন।

সৈয়দপুর (নীলফামারী): চলছে বর্ষাকাল, নেই পর্যাপ্ত বৃষ্টিপাত। ফলে পাট জাগ দিতে পারছেন না নীলফামারীর সৈয়দপুরের কৃষকরা। উপজেলার বোতলাগাড়ির কৃষক শাহজাহান আলী জানান, তিনি তিন বিঘা জমিতে পাট আবাদ করেছেন। পানির অভাবে পাট জাগ দিতে পারছেন না। সৈয়দপুর উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা মমতা সাহা জানান,  চাষিরা পাট কেটে জাগ দিতে শুরু করেছেন। কোথাও কোথাও পাট পচানোর পানির অভাবে চাষিরা বিপাকে পড়েছেন।

চিরিরবন্দর (দিনাজপুর): উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি বছর ৫৪৩ জমিতে পাট চাষ হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, এটা সাময়িক সমস্যা। তবে পানি না থাকলে বিকল্প হিসেবে কৃষকের খরচ বাঁচাতে রিবোন রেটিং পদ্ধতিতে পাটের আঁশ সংগ্রহ করা যায়।

ইত্তেফাক/এমএএম