জয়পুরহাটে হত্যা মামলায় এক জনকে মৃত্যুদণ্ড

আপডেট : ৩১ জুলাই ২০২৩, ০৩:০০

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার গণেশপুর গ্রামে মুনছুর রহমান নামের এক শ্রমিককে হত্যার দায়ে ১৮ বছর পরে এক জনের মৃত্যুদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। রোববার (৩০ জুলাই) জয়পুরহাট অতিরিক্ত দায়রা জজ আদালত-২-এর বিচারক মো. আব্বাস উদ্দিন আসামির অনুপস্থিতিতে এ রায় দেন।

জয়পুরহাট জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মণ্ডল জানান, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হচ্ছেন পাঁচবিবি উপজেলার গণেশপুর গ্রামের জমির উদ্দিন প্রধানের ছেলে সোহেল (৪৩)।

মামলা সূত্রে জানা গেছে, ২০০৫ সালের ২৩ এপ্রিল সোহেল প্রতিবেশী মুনছুরকে তার বাড়ি থেকে ক্যারম খেলার কথা বলে ডেকে নিয়ে যায়। পরে রাতে পূর্বশত্রুতার জের ধরে মুনছুর রহমানের বুকে ছুরি দিয়ে আঘাত করে। স্থানীয়রা মুনছুরকে উদ্ধার করে উপজেলার মহিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে রাত সাড়ে ৯টার দিকে মুনছুর মারা যান। এ ঘটনায়  নিহতের বাবা হেলাল উদ্দিন বাদী হয়ে ২৫ এপ্রিল পাঁচবিবি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তৎকালীন তদন্ত কর্মকর্তা সোহেলকে অভিযুক্ত করে ২০০৫ সালের ৩১ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি ও তিন জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আসামির অনুপস্থিতিতে রবিবার এ রায় দেয় আদালত।

ইত্তেফাক/এমএএম