কুমিল্লায় নিখোঁজের ৯ দিন পর নারায়ণ চন্দ্র ভৌমিক (৫৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার ভোরে জেলার বুড়িচং উপজেলার দেবপুর ফাঁড়ির পুলিশ জেলার বরুড়া উপজেলার বড়হাতুয়া গ্রামের রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করে।
নারায়ণ চন্দ্র বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের মনিপুর গ্রামের মৃত নিবারণ চন্দ্র ভৌমিকের ছেলে। এ ঘটনায় উর্মিলা চক্রবর্তী সোমা ও তার ভাই শংকর চক্রবর্তীকে আটক করা হয়েছে।
আরো পড়ুন : ট্রেন দুর্ঘটনায় কারো গাফিলতি থাকলে কঠোর ব্যবস্থা : রেলমন্ত্রী
দেবপুর পুলিশ ফাঁড়ির এসআই শাহীন কাদির জানান, গত ১৭ জুন নারায়ণ চন্দ্র নিখোঁজ হন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে ১৯ জুন বুড়িচং থানায় জিডি করা হয়। জিডির সূত্র ধরে তাকে উদ্ধারে বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। নিহত নারায়ণের সঙ্গে উর্মিলা চক্রবর্তীর আর্থিক লেনদেন ও ঘনিষ্ট সম্পর্ক ছিল। তার নিখোঁজের পর মোবাইল ট্রেকিং করে মঙ্গলবার জেলার চান্দিনা উপজেলার পিহর গ্রামের হরগোবিন্দ চক্রবর্তীর মেয়ে উর্মিলা চক্রবর্তী (৩২) ও তার ভাই শংকর চক্রবর্তীকে (২৮) আটক করা হয়। জিজ্ঞাসাবাদের পর তাদের স্বীকারোক্তি মতে নারায়ণ চন্দ্রের লাশ বরুড়া উপজেলার বরহাতুয়া গ্রামের ঝোপ থেকে বুধবার ভোরে উদ্ধার করা হয়েছে। আটককৃতদের পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ চলছে এবং নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
ইত্তেফাক/ইউবি
