কনস্টেবল নিয়োগে প্রতারণা এড়াতে সাতকানিয়া থানা পুলিশের প্রচারণা

আপডেট : ২৬ জুন ২০১৯, ১৩:১৫

মেধা, যোগ্যতা, সততার ভিত্তিতে এবং প্রতারক, দালালচক্র অথবা অসাধু সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রলোভনে না পড়ে শুধুমাত্র সরকার নির্ধারিত ১০০ টাকা চালান ফি ও ৩ টাকা মূল্যের ভর্তি ফরমসহ মোট ১০৩ টাকা দিয়ে পুলিশের কনস্টেবল পদে নিয়োগের জন্য বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি চালিয়েছে চট্টগ্রামের সাতকানিয়া থানা পুলিশ। 

গত মঙ্গলবার সকাল থেকে রাত পর্যন্ত উপজেলার ১৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মাইকিংসহ বিভিন্ন সচেতনতামূলক প্রচার-প্রচারণা চালায় থানা পুলিশ। জেলা পুলিশ সুপার নুরে আলম মিনার নির্দেশে এ প্রচারণা চালানো হয় বলে থানার ওসি জানিয়েছেন। আগামী ১ জুলাই সোমবার চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্স মাঠে শারীরিক পরীক্ষার মাধ্যমে কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা শুরু হবে। 

এক সময় পুলিশে নিয়োগ পরীক্ষা এলেই দালাল ও প্রতারকচক্র সংঘবদ্ধ হয়ে নিয়োগ প্রত্যাশীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। এবার সারাদেশে পুলিশে নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ ও গ্রহণযোগ্য করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে পুলিশ প্রধান (আইজিপি) ড. মোহাম্মদ জাভেদ পাটোয়ারী সারা দেশের জেলা পুলিশ সুপারদের পুলিশে নিয়োগ কার্যক্রম ত্রুটিমুক্ত করার জন্য কঠোর নির্দেশনা প্রদান করেন। 

উল্লেখ্য, বাংলাদেশ পুলিশে সারাদেশ থেকে আগামী ১ জুলাই অনুষ্ঠিতব্য পরীক্ষায় ১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ করা হবে। এরই ধারাবাহিকতায় জেলা পুলিশ সুপারের উদ্যোগে সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মো. সফিউল কবীরের নেতৃত্বে গত মঙ্গলবার সকাল থেকে উপজেলার সবকটি ইউনিয়ন ও পৌরসভা এলাকায় মাইকিংসহ বিভিন্ন সচেতনতামূলক প্রচারণা চালানো হয়েছে।
 
সাতকানিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিউল কবীর বলেন, জেলা পুলিশ সুপারের নির্দেশে সাতকানিয়া থানা ও পৌরসভা এলাকায় এ নিয়োগে যেন কোন ধরনের বাণিজ্য, ঘুষ লেনদেন ও সাধারণ মানুষ যাতে প্রতারকচক্রের হাতে না পড়ে, সে জন্য মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাইকিং, পথসভা, লিফলেট বিতরণ ও বিলবোর্ড স্থাপন করে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়েছে। আর আমার থানা এলাকায় পুলিশে নিয়োগের জন্য কেউ যদি টাকার মাধ্যমে চাকরি দেওয়ার প্রলোভন দেখায় তা সরাসরি আমাকে জানালে তার বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
 
চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এ কে এম এমরান ভূঁঞা বলেন, সরকার নির্ধারিত নামমাত্র ফি দিয়ে মেধা ও যোগ্যতার ভিত্তিতে এবার কনস্টেবল পদে নিয়োগ দেওয়া হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পুলিশে সব সময় স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়। তবুও মানুষ যাতে দালালচক্র, প্রলোভনে প্রলুব্ধ, কোন রাজনৈতিক নেতার আশ্রয় ও পুলিশের ঊর্ধ্বতন অফিসারের নাম ভাঙ্গিয়ে যাতে কেউ প্রতারণা করতে না পারে সেজন্য এ প্রচারণা চালানো হচ্ছে। 

ইত্তেফাক/এমআই