মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার খাসমহল বালুচরে দুই ছাত্রের বিরোধের জের ধরে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে একজন টেঁটাবিদ্ধসহ ১০ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারসেল নিক্ষেপে করেছে পুলিশ।
সোমবার (৩১ জুলাই) সকাল ১০টার দিকে শুরু হওয়া এই সংঘর্ষে টেঁটাবিদ্ধ মো. জমির আলীকে (৩০) ঢাকা স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অপর আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার পর থেকে খাসমহল বালুচর গ্রামে উত্তেজনা বিরাজ করছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
জানা গেছে, খাসমহল বালুচর উচ্চ বিদ্যালয়ের দুই ছাত্রের মধ্যে বিরোধের জেরে বালুচর ইউনিয়নের মোল্লাকান্দি গ্রামের শহিদ বাউল বাউল, আমির হোসেন গংদের সঙ্গে একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রাসেল রানা গংদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ১ জন টেঁটাবিদ্ধসহ ইট-পাটকেলের আঘাতে উভয়পক্ষের ১০ জন আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পুলিশ ৫ রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করে।
সিনিয়র সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) মোস্তাফিজুর রহমান রিফাত জানান, বালুচর ইউনিয়নের বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে, অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ৫ রাউন্ড টিঢার সেল ব্যবহার করা হয়। এ ছাড়া ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
