জনপ্রিয় ‘স্টান্টম্যান’র মৃত্যু!

আপডেট : ০১ আগস্ট ২০২৩, ০৯:২৬

জনপ্রিয় ফরাসি ‘স্টান্টম্যান’ রেমি লুসিডি  ‘ডেয়ারডেভিল’ নামে পরিচিত যুবক বহুতল ভবনের এক ছাদ থেকে অন্য ছাদে লাফ দেওয়া ভিডিও শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় তারকা বনে গিয়ে ছিলেন। সেই রকমই একটি ভিডিও করার সময় তিনি হংকংয়ের শহরের একটি ৬৮ তলা ভবন থেকে পড়ে গিয়ে মারা যান। রেমির বয়স ৩০ বছর। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

সংশ্লিষ্টরা জানান, হংকংয়ের ‘ট্রেগুন্টার টাওয়ার’ কমপ্লেক্সে উঠছিলেন রেমি। কিন্তু হঠাৎ টাল সামলাতে না পেরে ৬৮ তলা থেকে নিচে পড়ে মৃত্যু হয় তার। পড়ে যাওয়ার আগে, তিনি ঝুলন্ত অবস্থায় একটি জানালায় ধাক্কা মেরেছিলেন, এ সময় ঘরের ভেতরে থাকা নারী হতবাক হয়ে যান।

ছবি: সংগৃহীত

পড়ে যাওয়ার আগে সন্ধ্যা ৬টা নাগাদ রেমিকে ওই বিল্ডিংয়ে দেখা গিয়েছিল। তিনি নিরাপত্তারক্ষীকে ৪০ তলায় এক বন্ধুর সঙ্গে দেখা করতে যাবেন বলে ভবনে প্রবেশ করেন। কিন্তু নিরাপত্তারক্ষী খোঁজ নিয়ে জানতে পারেন, রেমিকে সেই ব্যক্তি চেনেন না। এরপর নিরাপত্তারক্ষী তাকে আটকাতে ছোটেন, কিন্তু ততক্ষণে রেমি লিফটে।

লিফটে রেমি ৪৯ তলায় পৌঁছে যান। পরে সিঁড়ি দিয়ে বিল্ডিংয়ের একেবারে উপরে উঠে পড়েন। ছাদে উঠেও তাকে পাওয়া যায়নি। রাত সাড়ে ৭টার দিকে রেমি জীবিত ছিলেন বলে জানা গেছে। সেই সময়েই তিনি জানালায় ধাক্কা দিয়েছিলেন। সেই নারী পুলিশকে খবর দিয়েছিলেন। কিন্তু পুলিশ আসার আগেই রেমি নিচে পড়ে যান।

ছবি: ইয়াহু নিউজ

ঘটনাস্থল থেকে রেমির ক্যামেরা উদ্ধার করেছে পুলিশ। সেই ক্যামেরায় স্টান্টের ভিডিও আছে। মৃত্যুর কারণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানায়নি পুলিশ।

ইত্তেফাক/আরএজে