পুরান-তাণ্ডবে এমএলসি চ্যাম্পিয়ন মুম্বাই নিউইয়র্ক

আপডেট : ০১ আগস্ট ২০২৩, ১০:৫৫

আইপিএলের ১৬ আসরের মধ্যে ৫ বারই চ্যাম্পিয়ন হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। নীতা আম্বানির দল শিরোপা সাফল্যের সেই ধারা ধরে রেখে প্রথম আসরেই শিরোপা জিতল যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটের (এমএলসি)। হ্যাঁ, যুক্তরাষ্ট্রের এমএলসির প্রথম আসরের শিরোপা জিতেছে নীতা আম্বানির মুম্বাই ইন্ডিয়ান্সেরই অঙ্গদল মুম্বাই ইন্ডিয়ান্স নিউইয়র্ক বা সংক্ষেপে এমআই নিউইয়র্ক। 

গতকাল সোমবার (৩১ জুলাই) ডালাসে অনুষ্ঠিত ফাইনালে ক্যারিবীয় ব্যাটিং দানব নিকোলাস পুরানের তাণ্ডবে এমআই নিউইয়র্ক ৭ উইকেটে হারিয়েছে সিয়াটল অরকাসকে। দলকে প্রথম আসরেই শিরোপা জেতাতে পুরান খেলেছেন ৫৫ বলে অপরাজিত ১৩৭ রানের দানবীয় ইনিংস। যে ইনিংসটিতে তিনি ১৩টি ছক্কা ও ১০টি চার মেরেছেন। প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকান তারকা কুইন্টন ডি ককের ৮৭ রানের ইনিংসের সুবাদে ৯ উইকেটে ১৮৩ রান করে সিয়াটল অরকাস। এমআই নিউইয়র্কের বোলারদের মধ্যে ৩টি করে উইকেট নেন নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট ও আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খান। 

১৮৪ রানের লক্ষ্য তাড়ায় প্রথম ওভারেই স্টিভেন টেইলরকে হারিয়ে বসে এমআই নিউইয়র্ক। ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে এরপরই শুরু হয় পুরানের ব্যাটিং-তাণ্ডব।  চার-ছক্কার ফুলঝুরিতে দর্শকদের মাতানোর পাশাপাশি ক্যারিবীয় তারকা ২৪ বল আর ৭ উইকেট হাতে রেখেই দলকে পৌঁছে দেন জয়ের বন্দরে। ফাইনালের ম্যাচসেরা হওয়া পুরান টুর্নামেন্টেও সর্বোচ্চ রান সংগ্রাহকও হয়েছেন। টুর্নামেন্টে সর্বোচ্চ ৩৮৮ রান করেছেন তিনি। 

টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারীও চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের অঙ্গদল এমআই নিউইয়র্কেরই ট্রেন্ট বোল্ট। ফাইনালে ৩ উইকেট নেওয়া বোল্ট টুর্নামেন্টে মোট ২২ উইকেট নিয়েছেন।

 

ইত্তেফাক/এসএস