ঝিনাইদহের কালীগঞ্জ পৌর এলাকার অবৈধ স্থাপনা গুড়িয়ে দিচ্ছে পৌর কর্তৃপক্ষ। বুধবার সকাল হতে শহরে বুল ড্রেজার দিয়ে অবৈধ স্থাপনা দখলমুক্ত করছে। এই অভিযানের ফলে জনমনে স্বস্তি দেখা দিয়েছে।
কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ জানান, কালীগঞ্জ একটি ব্যস্ততম শহর। শহরের মধ্যকার সরকারি জায়গা দখলবাজরা দখল করে নানা স্থাপনা নির্মাণ করেছে। ফলে শহরের মধ্যকার সড়কগুলো সরু হয়ে যাওয়ায় যানজট হয়েছে নিত্যসঙ্গী।
তিনি আরো বলেন, দখলবাজদের বেপরোয়া দলবাজির কারণে সরকারি জায়গা হাতছাড়া হচ্ছে। এ কারণেই পৌর কর্তৃপক্ষ উদ্যোগ নিয়েছে এ সমস্ত দখলী জমি পুনরুদ্ধার করতে এবং শহরকে যানজট মুক্ত করতে। এছাড়াও নাগরিক সেবা নিশ্চিত করতে এ অভিযান।
পৌর নাগরিকদের দাবি, অল্প কয়জন দখলবাজের কারণে নাগরিক সুবিধা বাধাগ্রস্ত হতে পারে না। দখলবাজদের সীমাহীন দলবাজির কারণে সারা বছর দুর্বিষহ যানজট পোহাতে হয় পৌর নাগরিক ও পথচারীদের। এভাবে চলতে পারে না।
অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন কালীগঞ্জের সকল শ্রেণি পেশার মানুষসহ বিভিন্ন সামাজিক সংগঠন।
ইত্তেফাক/জেডএইচ
