টাঙ্গাইলের ভূঞাপুরে পুলিশ পরিচয়ে এক কাপড় ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগে তিন যুবককে আটক করা হয়েছে। এ সময় আরও ৭-৮ জন পালিয়ে যায়। সোমবার (৩১ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার গাবসারা ইউনিয়নের পুংলিপাড়া ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তাররা হলেন, উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের খুপিপাড়া গ্রামের কায়সার মিয়া (২২), ভূঞাপুর পৌরসভার ছাব্বিশা এলাকার নুরুল ইসলামের ছেলে রাকিব মিয়া (২৫) ও একই পৌরসভার ফসলান্দি এলাকার সিফাত মিয়া (১৯)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে উপজেলার পুংলিপাড়া ঘাট এলাকায় জাহাঙ্গীর হোসেন নামে এক কাপড় ব্যবসায়ীকে পুলিশ পরিচয়ে পথরোধ করে। তারা ওই ব্যবসায়ীকে মারধরের পর ১০ লাখ টাকা দাবি করে। পরে বিকাশের মাধ্যমে তিন লাখ টাকা দেওয়ার পর ব্যবসায়ীকে পাট ক্ষেতে ফেলে রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় স্থানীয়রা তাদের ধাওয়া দিয়ে ৩ জনকে আটক করে পুলিশে সোপর্দ করে।
ভুক্তভোগী ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন বলেন, পুংলিপাড়া ঘাট থেকে বাড়ির দিকে যাওয়ার সময় তারা আমাকে ধরে ফেলে এবং পুলিশ পরিচয় দেয়। এ সময় আমাকে এলোপাথাড়ি মারধর করতে থাকে। পরে মুক্তিপণ হিসেবে ১০ লাখ টাকা দাবি করে। পরে হাতে থাকা নগদ টাকা ও বিকাশের মাধ্যমে আরও ৩ লাখ টাকা এনে দিলে আমাকে ফেলে রেখে যায়। এ সময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তিনজনকে আটক করে। বাকিরা পালিয়ে যায়।
ভূঞাপুর থানার এস আই জুম্মন খান বলেন, খবর পেয়ে এই ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। তদন্ত চলছে।
ভূঞাপুর থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, পুলিশ পরিচয়ে তারা ওই ব্যবসায়ীকে মারধরের পর মুক্তিপণ হিসেবে টাকা দাবি করে। এই ঘটনায় এখনো কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
