মিছিল নিয়ে প্রধানমন্ত্রীর জনসভায় আসছেন নেতা-কর্মীরা

আপডেট : ০২ আগস্ট ২০২৩, ০৯:৪১

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুর যাচ্ছেন আজ। বুধবার (২ আগস্ট) বিকালে রংপুর জিলা স্কুল মাঠে বিভাগীয় জনসভায় যোগ দেবেন। ইতোমধ্যে জনসভাস্থলে আসতে শুরু করেছে আওয়ামী লীগের নেতা-কর্মীরা। বুধবার সকালে এ দৃশ্য দেখা যায়।

মঙ্গলবার (১ আগস্ট) দিবাগত গভীর রাত থেকেই রংপুর শহরে সাধারণ মানুষের ঢল নেমেছে। এ সময় শেখ হাসিনার আগমন শুভেচ্ছা-স্বাগতম’ স্লোগান দিতে দেখা গেছে। বুধবার সকাল ৮টা থেকে জনসভাস্থলে রংপুর জিলা স্কুল মাঠে দূর-দূরান্ত থেকে নেতা-কর্মীরা ঢাকঢোল পিটিয়ে আসতে শুরু করেছেন।

জানা গেছে, আজ প্রধানমন্ত্রী প্রায় ১ হাজার ২৪০ কোটি টাকার ২৭টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং পাঁচটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে গোটা মহানগরী। ১ হাজারের বেশি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। প্রবেশ পথগুলোতে সন্দেহভাজন যানবাহন ও ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে। আয়োজকরা জানিয়েছে, জনসভা হবে মানুষের জনসমুদ্র, যেখান থেকে আগামী নির্বাচনি প্রচারণা শুরু করবেন প্রধানমন্ত্রী।

ইত্তেফাক/কেকে