বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পরে ১৬ জেলেসহ এফবি বিসমিল্লাহ নামের একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ সময় ১৬ জেলেকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া জেলেদের সবার বাড়ি কলাপাড়ার আলীপুর ও মহিপুর এলাকায়।
মঙ্গলবার (১ আগস্ট) কুয়াকাটা থেকে ৫ কিলোমিটার গভীরে ঢেউয়ের তাণ্ডবে ট্রলারটি ডুবে যায়। উদ্ধার হওয়া সকল জেলেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
অপর একটি ট্রলারেরর সাহায্যে জেলেদের উদ্ধার করতে পারলেও ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করা সম্ভব হয়নি।
ট্রলারের মাঝি এখলাছ উদ্দিন জানান, শুক্রবার (২৮ জুলাই) সকালে মাছ শিকারের উদ্দেশ্য সাগরে যায়। দুদিন সমুদ্রে থাকার পর মঙ্গলবার সকালে হঠাৎ সাগর উত্তাল হয়ে উঠে। তারা সমুদ্র থেকে আলীপুর মৎস্য বন্দরের দিকে রওয়ানা হওয়ার পথে দুপুর আনুমানিক ২টার দিকে কুয়াকাটা সৈকত থেকে ৫ কিলোমিটার গভীরে প্রচণ্ড ঢেউয়ে তলা ফেটে গিয়ে ট্রলারটি ডুবে যায়। তাদের পেছনে থাকা তীরে ফিরে আসা অপর একটি মাছধরা ট্রলারে তাদের সকলকে উদ্ধার করে আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে আসে।
ট্রলারের মালিক খলিল মিয়া জানান, ট্রলার ডুবিতে তার প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে। তবে ট্রলারের মাঝি মাল্লারা প্রাণে বেঁচে আছে এ জন্য আল্লাহর কাছে শুকরিয়া।
ঝড়ের কবলে আলীপুর-কুয়াকাটা মৎস্য আড়তদার সমবায় সমিতির সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. আনছার উদ্দিন মোল্লা জানান, লগুচাপ সৃষ্টি হওয়ায় সমুদ্র প্রচণ্ড উত্তাল রয়েছে। ঝড়ো বাতাসে সমুদ্রে টিকতে পারছে না। ঝড়ের কবলে পরে একটি ট্রলার ডুবে গেছে। সমুদ্রে থেকে বেশিরভাগ ট্রলার আলীপুর ও মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রসহ বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছে।
