চীনের নতুন পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই'কে আনুষ্ঠানিকভাবে ওয়াশিংটন সফরের আমন্ত্রণ জানিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল মঙ্গলবার (১ আগস্ট) মার্কিন পররাষ্ট্র দপ্তর এ আমন্ত্রণ জানায় বলে বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।
গত সপ্তাহে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ওয়াংকে নিযুক্ত করে চীন। এর আগে, ওয়াংয়ের পূর্বসুরী কিন গ্যাংয়ের প্রায় এক মাস ধরে প্রকাশ্যে না আসা নিয়ে পশ্চিমা মিডিয়ায় তোলপাড় শুরু হয়। এরপর হুট করেই গত সপ্তাহে কিনকে পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে অব্যাহতি দেয় চীন।
এরপরেই প্রথমবারের মতো চীনের নতুন পররাষ্ট্রমন্ত্রীকে ওয়াশিংটন সফরের আমন্ত্রণ জানালো যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার জানান, গতকাল সোমবার এক বৈঠকে চীনা পররাষ্ট্রমন্ত্রীকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়।
এ নিয়ে মিলার বলেছেন, গতকালের বৈঠকে ওয়াংকে এ আমন্ত্রণ জানানো হয়েছে যা পূর্বে কিন গ্যাংকে দেওয়া হয়েছিল। তবে যুক্তরাষ্ট্রের দেওয়া এ আমন্ত্রণ চীনের থেকে গ্রহণ করা হবে কি না সেই সম্পর্কে মিলার কিছু বলেনি। তবে তিনি প্রত্যাশা করছেন চীন এটি গ্রহণ করবে।
