গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ

আপডেট : ০২ আগস্ট ২০২৩, ১৩:১০

গাজীপুরে বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে ‘স্টাইল ক্রাফট’ নামের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিক বিক্ষোভ করছে। এর অংশ হিসেবে বুধবার (২ আগস্ট) সকাল সাড়ে ৮টা থেকে উত্তেজিত শ্রমিকরা ঢাকা-জয়দেবপুর সড়ক অবরোধ করে।

এতে ওই সড়কে চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পথচারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ।

কারখানায় কর্মরত শ্রমিকরা অভিযোগ করেন, বেতন বকেয়া থাকায় বাড়ি ভাড়া, দোকানের বাকি পরিশোধ করতে গিয়ে তারা হিমশিম খাচ্ছেন। অনেকেই মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন। তাই অবিলম্বে বেতন-ভাতা পরিশোধে সরকার ও প্রশাসনের সহযোগিতা চাইছেন শ্রমিকরা।

এ ব্যাপারে গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মো. শফিকুল ইসলাম বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। এ বিষয়ে মালিক এবং শ্রমিকপক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের চেষ্টা চলছে।

জানা গেছে, মালিকপক্ষের স্বেচ্ছাচারিতা ও দায়িত্বহীনতার কারণে স্টাইল ক্রাফট নামের তৈরি পোশাক কারখানাটিতে কয়েক মাস পরপরই বেতন নিয়ে জটিলতা তৈরি হয়। কারখানাটিতে প্রায় তিন হাজার শ্রমিক কাজ করেন। মালিকপক্ষের কাছে জুন ও জুলাই মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাস পাওনা রয়েছে। এর প্রেক্ষিতে ২৬ জুলাই মালিকপক্ষের সঙ্গে শ্রমিকদের সমঝোতা চুক্তি হয়।

চুক্তি অনুযায়ী, ১ আগস্ট তাদের বেতন পরিশোধ করার কথা। কিন্তু মালিকপক্ষ এক তারিখে বেতন পরিশোধ না করে কারখানা থেকে চলে যায়। পাওনা বকেয়া না পেয়ে মঙ্গলবার ( ১ আগস্ট) শ্রমিকরা অসন্তুষ্ট হয়ে বাড়ি ফিরে যান। কিন্তু বুধবার সকালে কারখানায় কাজে যোগদান করতে এসে শ্রমিকরা কারখানার গেটে কারখানা বন্ধের নোটিশ দেখতে পান। বকেয়া পরিশোধ না করে কোনো কিছু না জানিয়ে এভাবে হঠাৎ রাতের আঁধারে কারখানা বন্ধের নোটিশ দেওয়ায় সকালে শ্রমিকরা আন্দোলনে নামেন।

ইত্তেফাক/আরএজে