আত্মহত্যা করেছেন আর্ট ডিরেক্টর নীতীন চন্দ্রকান্ত দেশাই

আপডেট : ০২ আগস্ট ২০২৩, ১৩:৪০

জন্মদিনের মাত্র কয়েক দিন আগে মারা গেলেন বলিউডের বিখ্যাত আর্ট ডিরেক্টর  নীতীন চন্দ্রকান্ত দেশাই। করজাতের এনডি স্টুডিওজ থেকে নীতীন দেশাইয়ের ঝুলন্ত মরদেহ আজ সকালে উদ্ধার করা হয়েছে। ধারনা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। তবে আত্মহত্যার কারণ এখনও জানা যায়নি। ৯ আগস্ট তার জন্মদিন। এদিন তিনি ৫৮-তে পা দিতেন। 

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, বলিউডে আবার শোকের ছায়া। মারা গেছেন তারকা আর্ট ডিরেক্টর ও প্রোডাকশন ডিজাইনার নীতীন চন্দ্রকান্ত দেশাই। আজ বুধবার (২ অগাস্ট) সকালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তিনি। 

জানা গেছে,  মুম্বাই শহর থেকে সড়কপথে ৯০ মিনিট লাগে এই স্টুডিওতে যেতে। করজাতের এই স্টুডিওর মালিক তিনি নিজেই। বলিউডের সুপরিচিত এই আর্ট ডিরেক্টরের মৃত্যুর খবর মুহূর্তের মধ্যে সর্বত্র ছড়িয়ে পড়েছে। বলিউড তারকারা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন।

নীতীন দেশাই তার ২০ বছরের ফিল্মি ক্যারিয়ারে সঞ্জয় লীলা বানসালি, বিধু বিনোদন চোপড়া, আশুতোষ গোয়ারিকর, রাজকুমার হিরানির মতো তাবড় পরিচালকদের সঙ্গে কাজ করেছেন।

ইত্তেফাক/পিএস