আদালত চত্বরে মুখোমুখি দুই দলের আইনজীবীরা

আপডেট : ০২ আগস্ট ২০২৩, ১৫:৩৭

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে মুখোমুখি অবস্থানে বিএনপি ও আওয়ামী লীগপন্থী আইনজীবীরা।

ঢাকার মহানগর দায়রা জজ আদালতে বুধবার (২আগস্ট) বিকেল ৩টায় রায় ঘোষণার সময় ধার্য আছে। তবে এর আগেই দুই পক্ষের আইনজীবীরা কাছাকাছি দূরত্বে মিছিল করছেন।

আওয়ামী লীগপন্থী আইনজীবীরা খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে নানা স্লোগান দিচ্ছেন। অন্যদিকে, বিএনপিপন্থী আইনজীবীরা সরকারবিরোধী নানা স্লোগান দিচ্ছেন।

এদিকে, আদালত প্রাঙ্গণে সকাল থেকেই নিরাপত্তা জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। আদালত চত্বরের বাইরে রাখা হয়েছে চলকামান, রায়টকার। বেলা ৩টায় ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ মো. আছাদুজ্জামান এই রায় ঘোষণা করার কথা রয়েছে।

ইত্তেফাক/কেকে