আপনাদের জন্য আমি বাবার মতো জীবন দিতে প্রস্তুত: প্রধানমন্ত্রী

আপডেট : ০৩ আগস্ট ২০২৩, ১৩:৪৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসে দেশের মানুষের ভাগ্য বদলাতে। দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে প্রয়োজনে বাবার মতোই জীবন দিতেও প্রস্তুত আছি।

বুধবার (২ আগস্ট) রংপুর জিলা স্কুল মাঠে আওয়ামী লীগের মহাসমাবেশে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আমি আপনাদের ভালোবাসা নিয়েই আছি। আমিও আপনাদের মন থেকে ভালোবাসি। একজন মানুষ তার আপনজনকে হারানোর শোক সইতে পারে না। আর আমি একইদিনে পরিবারের সবাইকে হারিয়েছি। বাংলাদেশের মানুষই আমার সংসার। দেশের ভাগ্য পরিবর্তনে প্রয়োজনে বাবার মতো রক্ত দিতেও আমি প্রস্তুত।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকারে আসলে, নৌকা মার্কায় ভোট দিলে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয়। সেটা আমরা প্রমাণ করেছি।আওয়ামী লীগ সরকার এসে রংপুরের মঙ্গা দূর করেছে। রেললাইনসহ বিদ্যুৎ, গ্যাসের লাইন, রাস্তাঘাটের উন্নতি আওয়ামী লীগ সরকার করে দিয়েছে। মা-বোনেরা এখন ঘরে বসে চিকিৎসা পাচ্ছে। আওয়ামী সরকার আসলে এদেশের মানুষ না খেয়ে থাকে না।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারে যখনই এসেছে এই রংপুরে কখনো মঙ্গা হয়নি। রংপুরে কখনো খাদ্যের অভাব দেখা দেয়নি। দুর্ভিক্ষ দেখা দেয়নি। আওয়ামী লীগ সরকারে আসলে, নৌকা মার্কায় ভোট পেলে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয় সেটা আমরা প্রমাণ করেছি।

বুধবার (২ আগস্ট) বেলা ১২টায় জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় প্রধানমন্ত্রীর জনসভার কার্যক্রম। জাতীয় সঙ্গীত শেষে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতাপাঠ করা হয়।

শহরের ৩টি প্রবেশপথ দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা ভোর থেকেই ছোট-বড় মিছিল নিয়ে জনসভাস্থলে আসতে শুরু করেন।

আওয়ামী লীগের নেতা-কর্মীরা বাসে-ট্রাকে এবং পায়ে হেঁটে জনসভাস্থলে এসেছেন। এছাড়া ৮টি ট্রেন ভাড়া করে জয়পুরহাট, বগুড়া, সিরাজগঞ্জ, নাটোর, পাবনা ও চাঁপাইনবাবগঞ্জ থেকে নেতাকর্মীদের রাজশাহী আসার ব্যবস্থা করা হয়।

এদিকে রংপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন ও জনসভা উপলক্ষ্যে ছোট ছোট মিছিলে মুখরিত হয়ে উঠেছে নগরীর সড়কগুলো। স্লোগানে মুখর রংপুরের অলিগলিতে মানুষের ঢল নেমেছে। সমাবেশ বিকেলে হলেও সকাল ১০টা থেকে কানায় কানায় পূর্ণ হয়েছে রংপুর জিলা স্কুলের আশপাশ এলাকা।

ইত্তেফাক/কেকে