কলম্বিয়াকে হারিয়ে অভিষেকেই নারী বিশ্বকাপের শেষ ষোলতে স্থান করে নিয়েছে মরক্কো নারী ফুটবল দল। আজ (বৃহস্পতিবার) গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়েছে আফ্রিকান দেশটি। ফলে দুই বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে বিদায় করে নক আউট পর্ব নিশ্চিত করেছে মরক্কো।
পার্থে অনুষ্ঠিত ম্যাচে আপসেট জয়ের মাধ্যমে ছয় পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এইচ’ এর রানারআপ হিসেবে নকআউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে মরক্কো। অপরদিকে হারলেও গোল ব্যবধানে গ্রুপ সেরা হিসেবেই নকআউট পর্ব নিশ্চিত করেছে কলম্বিয়া।
ম্যাচের প্রথমার্ধের ইনজুরি টাইমে গোল করে মরক্কোকে এগিয়ে দেন আনিসা লাহমারি। শেষ পর্যন্ত গোলটি আর পরিশোধ করতে পারেনি কলম্বিয়া। আর তাই ১-০ গোলের জয় নিয়ে নক আউট নিশ্চিত করে মরক্কো।
