দক্ষিণ কোরিয়ায় নির্বিচারে ছুরি হামলা, আহত ১২   

আপডেট : ০৩ আগস্ট ২০২৩, ২২:০০

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের কাছে এক ব্যক্তির হামলায় অন্তত ১২  জন আহত হয়েছেন। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, সন্দেহভাজন হামলাকারী প্রথমে চারজনের ওপর তার গাড়ি উঠিয়ে দেয়। এরপর গাড়ি থেকে বের হয়ে একটি ব্যস্ত শপিং সেন্টারে অন্তত নয়জনকে ছুরিকাঘাত করে। 

আজ বৃহস্পতিবার দেশটির কমিউটার শহর সিওংনামে ব্যস্ততম সময় একটি পাতাল রেল স্টেশনের কাছে ঘটনাটি ঘটে। ঘটনাস্থল থেকে ২০ বছরের একজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তার হামলার উদ্দেশ্য এখনো অস্পষ্ট। 

আহতের সবাইকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদের মধ্যে কেউ কেউ গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় মিডিয়া আক্রমণটিকে বেপরোয়া হিসেবে বর্ণনা করেছে। কারণ কালো পোশাক পরিহিত লোকটি ফুটপাতে বেশ কিছুক্ষণ হুলস্থূল করার পর ছুরি নিয়ে কাছাকাছি একটি শপিং সেন্টারে প্রবেশ করে। দেশটির জাতীয় পুলিশ কমিশনার এটিকে ‘নির্বিচার’ হামলা বলে বর্ণনা করেছেন। 

এর দুই সপ্তাহ আগে সিউলে প্রায় আরও একটি ছুরিকাঘাতের ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় একজন নিহত ও তিনজন আহত হয়। তবে দক্ষিণ কোরিয়ায় এ ধরণের সহিংস ঘটনা তুলনামূলকভাবে বিরল।

ইত্তেফাক/এসএটি