জামালপুরের দেওয়ানগঞ্জে মৃত গরু জবাই করায় মুয়াজ্জিনসহ তিনজনকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে দেওয়ানগঞ্জ বাজারে পিলখানায় থেকে তাদের আটক করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের সাজা দেওয়া হয়।
আটককৃতরা হল উপজেলার উত্তর কালিকাপুর গ্রামের সাদা মিয়ার ছেলে কসাই সাজন (২৫), চর কালিকাপুর গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে কসাই সোনা মিয়া (৩২) ও দেওয়ানগঞ্জ বাজার মসজিদের মুয়াজ্জিন বাচ্চু মিয়া (৭০) ।
দেওয়ানগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম মইনুল ইসলাম জানান, বুধবার দুপুরে দেওয়ানগঞ্জ বাজারে পিলখানায় একটি মৃত গরু জবাই হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই নাজমুল ফোর্স নিয়ে তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করেন। এ সময় মৃত গরু জবাইয়ের সঙ্গে জড়িত মুয়াজ্জিন ও দুই কসাইকে আটক করে দেওয়ানগঞ্জ থানায় নিয়ে আসা হয়।
আরও পড়ুন: সিএমএইচে এরশাদ
পরে বিকালে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তফা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই কসাই সাজন ও সোনা মিয়াকে ছয় মাসের কারাদণ্ড দেন। পাশাপাশি ওই মৃত গরু জাবাইকারী মুয়াজ্জিন বাচ্চু মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করেন তিনি।
ইত্তেফাক/জেডএইচডি
