হেডের গোলে নতুন মাইলফলক রোনালদোর, যা বললেন সতীর্থ মানে

আপডেট : ০৫ আগস্ট ২০২৩, ০৯:৪৬

দুই দিন আগেই হেডে গোল করে নতুন এক রেকর্ড গড়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। জার্মান কিংবদন্তি জার্ড মুলারকে (১৪৪ গোল) টপকে আল নাসরের পর্তুগিজ তারকা গড়েছেন হেডে সবচেয়ে বেশি গোলের রেকর্ড (১৪৫টি)। সেই রোনালদো আবারও হেডের মাধ্যমে গোল করে গড়লেন আরেক নতুন মাইলফলক। যে মাইলফলক ইতিহাসে আর কারো নেই।

ক্রিশ্চিয়ানো রোনালদো মূলত ডান পায়ের খেলোয়াড়। গোল করার ক্ষেত্রে তার ডান পা-ই বেশি কার্যকর, গোল করার বড় শক্তির জায়গা। তো গোল করার বড় শক্তির উৎস ডান পা ছাড়াই ক্যারিয়ারে ‘৩০০’ গোলের মাইলফলক স্পর্শ করেছেন রোনালদো। পরশু রাতে প্রিন্স সুলতান বিন আব্দুল আজিজ স্টেডিয়ামে আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপের ম্যাচে মিশরের ক্লাব জামালেকের বিপক্ষে প্রথমে পিছিয়ে পড়া আল নাসরকে ১-১ গোলের ড্র এনে দিয়েছেন রোনালদো। যে ড্রয়ের সুবাদে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠে গেছে রোনালদো-সাদিও মানেদের আল নাসর।

দলকে শেষ আটে তোলা গোলটা রোনালদো করেছেন ম্যাচের ৮৭ মিনিটে অনেকটা ওপরে লাফিয়ে ওঠে, ডাইভিং হেডে। এটা আল নাসরের হয়ে তার ১৬তম গোল। সব মিলিয়ে (ক্লাব ও জাতীয় দল মিলিয়ে) তার পেশাদার ক্যারিয়ারের ৮৪০তম গোল। এই ৮৪০ গোলের ৩০০টি গোলই তিনি করেছেন ডান পায়ের সাহায্য ছাড়াই! মানে ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে ৩০০ গোল তিনি করলেন মূল শক্তির ডান পা ছাড়াই-হেড, বাঁ পা এবং অন্যান্য ভাবে!

পরশুর ম্যাচটা আল নাসরের জন্য অন্য একটা কারণেও বিশেষ হয়ে উঠেছিল। এই ম্যাচ দিয়েই যে আল নাসরের হয়ে অভিষেক হয়েছে সেনেগালিজ তারকা সাদিও মানের। ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতেই বদলি হিসেবে মাঠে নামেন সাদিও মানে। সৌদি আরবের ক্লাবটিতে তাকে দেওয়া হয়েছে ‘১০ নম্বর’ জার্সি। তো ১০ নম্বর জার্সি পরে মাঠে নেমে সাদিও মানে আক্রমণে জুটি বাঁধেন রোনালদোর সঙ্গে। দুই তারকা জুটি বেঁধে আল নাসর সমর্থকদের দারুণ কিছু মুহূর্ত উপহার দিয়েছেন।

ম্যাচ শেষে অসাধারণ গোল করার জন্য নতুন সতীর্থ রোনালদোকে অভিনন্দন জানিয়েছেন সাদিও মানে। পাশাপাশি সৌদি আরবের ফুটবলে নিজের নতুন অধ্যায় শুরুর বার্তাও দিয়েছেন, ‘নতুন অধ্যায়ের সূচনা হলো!!! গোলের জন্য ধন্যবাদ বিগম্যান ক্রিশ্চিয়ানো!!! পরের রাউন্ড। আল নাসরের সমর্থকদের জন্য, ম্যাচে আপনাদের সমর্থন ছিল বিস্ময়কর।’

ইত্তেফাক/এসএস