ভিয়েতনামের হ্যানয়ের বাংলাদেশ দূতাবাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শনে দিনের প্রথমভাগে বাংলাদেশ ও ভিয়েতনামের শিশু-কিশোরদের অংশগ্রহণে একটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।
দিনের দ্বিতীয়ভাগে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ, দোয়া ও মোনাজাত এবং শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জীবনী নিয়ে আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীরা সপরিবারে এবং ভিয়েতনামে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।
আলোচনা অনুষ্ঠানের শুরুতে রাষ্ট্রদূত সামিনা নাজ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবিসংবাদিত নেতৃত্বের কথা সশ্রদ্ধচিত্তে স্মরণ করেন। কৃতজ্ঞচিত্তে আরও স্মরণ করেন জাতীয় চার নেতাসহ মুক্তিযুদ্ধের সংগঠক, সমর্থক, মুক্তিযুদ্ধে অত্মোৎসর্গকারী বীর শহীদদের। একইসঙ্গে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের মহান স্বাধীনতা যুদ্ধে অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন তিনি।
