একমাত্র শেখ হাসিনাই বাংলাদেশের জন্য অপরিহার্য: পানিসম্পদ উপমন্ত্রী

আপডেট : ০৫ আগস্ট ২০২৩, ২২:১৫

পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ও দেশের মানুষের প্রতি যে ভালোবাসা তা অনন্য। দেশের এমন কোনো ক্ষেত্র নেই যেখানে তিনি উন্নয়ন করেননি। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে শেখ হাসিনার নেতৃত্বেই অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে দেশ। তার মতো দূরদর্শী নেত্রী আছে বলেই বাংলাদেশ আজ সঠিক পথে এগিয়ে চলেছে। একমাত্র জননেত্রী শেখ হাসিনাই বাংলাদেশের জন্য অপরিহার্য, তাঁর কোনো বিকল্প নেই।

শনিবার (৫ আগস্ট) বিকেলে দৈনিক বাংলাদেশ প্রতিদিন কার্যালয়ে বাংলাদেশ প্রতিদিন আয়োজিত "ফুটবল বিশ্বকাপ কুইজ ২০২২"-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, বহুমাত্রিক প্রতিভার অধিকারী শহীদ শেখ কামাল ছিলেন ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক। বঙ্গবন্ধুর চিন্তা-চেতনা ও আদর্শে বড় হয়েছেন তিনি। শহীদ শেখ কামাল এদেশের আধুনিক ফুটবলের পথিকৃৎ। আবাহনী ক্রীড়া চক্র প্রতিষ্ঠার মাধ্যমে ক্রীড়া জগতে স্মরণীয় হয়ে আছেন শেখ কামাল। তিনি ছিলেন অভিজ্ঞ সম্ভাবনাময় তারুণ্যের প্রতীক। খেলাধুলা, সংগীত, অভিনয়সহ প্রতিটি ক্ষেত্রে তাঁর অবদান ছিলো অনস্বীকার্য। 

উপমন্ত্রী বলেন, শেখ কামাল ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ করেছিলেন এবং তিনি একজন দক্ষ ছাত্র সংগঠক ছিলেন। তেমনিভাবে স্বাধীনতার পর তাঁর কর্মের মাধ্যমে প্রমাণ হয়েছে সাংস্কৃতিক ও ক্রীড়া অঙ্গনে শেখ কামাল ছিলো বাংলাদেশের এক উজ্জ্বল নক্ষত্র। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট টিমের সদস্য ছিলেন। সৎ, সাহসী ও দক্ষ শেখ কামালকে হত্যা করেও ঘাতকরা তাঁর স্মৃতিকে হত্যা করতে পারেনি। তাঁর অল্প সময়ের কর্মকাণ্ডের ফলে যুগ যুগ ধরে এদেশের মানুষ তাকে মনে রাখবে।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, কালের কণ্ঠের প্রধান সম্পাদক কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন সহ দেশবরেণ্য ব্যক্তিবর্গ।

ইত্তেফাক/এমএএম