ভারত-পাকিস্তানের রাজৈতিক দ্বন্দ্বের জেরে যেখানে পাকিস্তানের বিশ্বকাপ খেলতে যয়ায়া নিয়েই তৈরি হয়েছে অনিশ্চয়তা, সেখানে বিশ্বকাপের মাঝে কালীপূজার দিন পাকিস্তানকে নিরাপত্তা দিতেই অস্বীকৃতি জানিয়েছেন ভারতের পুলিশ বাহিনী। টুর্নামেন্টের সূচি প্রকাশিত হলেও তা নিয়ে রয়ে গেছে জটিলতা, ইতোমধ্যেই আহমেদাবাদ পুলিশের হস্তক্ষেপে ভারত-পাকিস্তানের হাই-ভোল্টেজ ম্যাচটির পূর্ব নির্ধারিত তারিখ এগিয়ে নিয়ে আসা হয়েছে। এবার আবার ইডেন গার্ডেন্সে পাকিস্তান-ইংল্যান্ড ম্যাচে নিরাপত্তা দিতে পারবে না বলে জানিয়েছে কলকাতা পুলিশ। এই নিয়েই নতুন জটিলতা তৈরি হয়েছে বিশ্বকাপের সূচি নিয়ে।
মূলত ১২ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেন্সে পাকিস্তান-ইংল্যান্ডের ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। তবে একইদিনে কালীপূজা থাকায় কলকাতা পুলিশ সেদিন এই ম্যাচের নিরাপত্তা অস্বীকৃতি জানিয়েছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) কাছে।
জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর এক প্রতিবেদনে জানা যায়, গত বৃহস্পতিবার পুলিশের পক্ষ থেকে সিএবি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করা হয়। সেখানেই ১২ তারিখের ম্যাচে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিতে পারবে না বলে পুলিশের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়।
কলকাতা পুলিশের দাবি, কালীপূজা বা দিওয়ালি ঘিরে যে উৎসবের আমেজ থাকে পুরো রাজ্য জুড়ে, তার ভেতর কোনভাবেই ৬৮ হাজার ধারণক্ষমতাসম্পন্ন স্টেডিয়ামের পূর্ণাঙ্গ নিরাপত্তা দেওয়া সম্ভব না।
পুলিশের সঙ্গে কয়েক দফা আলোচনা করেও নিরাপত্ত্রা ব্যাপার নিয়ে কোনো সমাধানে আসতে পারেনি সিএবি। অবশেষে বিষয়টি অবগত করা হয়েছে বিসিসিআইকেও।
সিএবির পক্ষ থেকে ম্যাচটি ১২ নভেম্বরের পরিবর্তে ১১ নভেম্বর আয়োজনের আবেদন করা হয়েছে বিসিসিআইয়ের কাছে। তবে নতুন করে আবারও শেষ মুহূর্তে বিশ্বকাপের সূচি পরিবর্তন হবে কি না সেটি সম্পূর্ণভাবে নির্ভর করছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির ওপর।
