চারদিন টানা ভারী বৃষ্টিপাত ও উজান হতে নেমে আসা পাহাড়ী ঢলের কারণে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এতে রাঙ্গামাটির কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনও বৃদ্ধি পেয়েছে। ফলে এক সঙ্গে পাঁচটি ইউনিট সচল হয়ে উঠছে।
কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এ টি এম আব্দুজ্জাহের জানান, গত কয়েক দিনের ভারী বৃষ্টিপাত এবং পাহাড়ী ঢলের কারণে কাপ্তাই হ্রদে পানির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে।
রুলকার্ভ (পানির পরিমাপ) অনুযায়ী, কাপ্তাই হ্রদে এই মুহূর্তে অথাৎ রোববার (৬ আগস্ট) ৯০ দশমিক ৬০ ফুট মিনস সি লেভেল (এম এস এল) পানি থাকার কথা। কিন্তু হ্রদে এখন পানি রয়েছে ৮২ দশমিক ৯০ ফুট এম এস এল। কাপ্তাই হ্রদে পানির ধারণ ক্ষমতা ১০৯ ফুট এম এস এল। তবে পানি বৃদ্ধির ফলে বর্তমানে এই কেন্দ্রের পাঁচ ইউনিট এর মধ্যে সব কয়টিই সচল রয়েছে। এই পাঁচটির ইউনিট থেকে বর্তমানে ১৩৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে।
এর মধ্যে রোববার সকাল ১০টা পর্যন্ত ১নম্বর ইউনিট হতে ৩৩ মেগাওয়াট, ২নম্বর ইউনিট হতে ৩২ মেগাওয়াট, ৩নম্বর ইউনিট হতে ২৬ মেগাওয়াট, ৪নম্বর ও ৫নম্বর ইউনিট হতে প্রতিটিতে ২২ মেগাওয়াট করে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। পানির পরিমাণ বাড়লে বিদ্যুৎ উৎপাদন আরও বাড়বে। আর উৎপাদিত বিদ্যুতের পুরোটাই জাতীয় গ্রিডে সঞ্চালন করা হচ্ছে বলে তিনি জানান কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী।
পানির ওপর নির্ভরশীল কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রে বেশ কয়েক মাস পানির অভাবে শুধুমাত্র ২ থেকে ৩টি ইউনিট রেশনিং করে চালু রেখে বিদ্যুৎ উৎপাদন করা হয়েছিল। বর্তমানে পানি বাড়ার ফলে পাঁচটি ইউনিট সচল করা হয়েছে। সব কয়টা ইউনিট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৩০ মেগাওয়াট।
