পান্না কায়সারের মৃত্যুতে সালমান এফ রহমানের শোক

আপডেট : ০৬ আগস্ট ২০২৩, ১৮:৪০

সাবেক সংসদ সদস্য ও শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের সহধর্মিণী অধ্যাপক পান্না কায়সারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এমপি। শুক্রবার (৪ আগস্ট) এক শোক বার্তায় তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।  

পান্না কায়সার সংসার জীবনে আবদ্ধ না থেকে দায়িত্ব নিয়েছিলেন লাখো শিশু-কিশোরকে সোনার মানুষে পরিণত করার উল্লেখ করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, তার রচিত মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণা, গল্প-উপন্যাস ও শিশু সাহিত্য দেশের মানুষের হৃদয় জয় করে নিয়েছিলো। তাইতো মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় অবদান রাখার জন্য তাকে ২০২১ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে ভূষিত করা হয়।  

শোক বার্তায় তিনি বলেন, ব্যক্তি জীবনে পান্না কায়সার শিক্ষকতার মতো মহান পেশা বেছে নিলেও মুক্তিযুদ্ধের চেতনায় লালিত দেশের বৃহত্তম শিশু-কিশোর সংগঠন ‘খেলাঘর’ ও ‘উদীচী’সহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনে সফলভাবে নেতৃত্ব দিয়েছেন। এছাড়া তিনি ১৯৯৬-২০০১ সাল পর্যন্ত আওয়ামী লীগের মনোনয়নে জাতীয় সংসদের সদস্য ছিলেন।

অধ্যাপক পান্না কায়সার এর মৃত্যু জাতির এক অপূরণীয় ক্ষতি। অধ্যাপক পান্না কায়সারের মৃত্যু তার পরিবারের বিশেষ করে সন্তানদের জন্য মেনে নেয়া খুবই কষ্টকর। মহান রাব্বুল আল আমিন তার পরিবারের সদস্যদের এই কষ্ট মেনে নেয়ার শক্তিদান করুন। 

ইত্তেফাক/এএএম