৫ কোটি ইউরোতে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যাচ্ছেন উসমান ডেম্বেলে। সব কিছুই ছিল ঠিকঠাক। তবে হঠাৎ করেই তার দল বদলে এসেছে চমক। হঠাৎ করেই থমকে গেছে ফরাসি তারকার প্যারিস যাওয়ার কার্যক্রম।
স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ত জানিয়েছে, পিএসজি এখনো চুক্তি সম্পাদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র বুঝে পায়নি, যে কারণে ডেম্বেলের দলবদলের কার্যক্রমকে এগিয়ে নিতে পারছে না তারা। এখন নথিপত্র সংক্রান্ত সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত ডেম্বেলের দলবদলের প্রক্রিয়া এগিয়ে নেওয়ার সুযোগও নেই। আর দলবদলের কার্যক্রম আটকে যাওয়ার পরিপ্রেক্ষিতে নতুন খবর হচ্ছে ফরাসি এই তারকাকে ফিরতে হতে পারে বার্সার অনুশীলনেও।
বার্সার সঙ্গে এখনো এক বছরের চুক্তি আছে ডেম্বেলের। সামনের দিনগুলোতে যদি সমস্যার সমাধান না হয়, তাহলে জোয়ান গাম্পার ট্রফি সামনে রেখে কাতালানদের অনুশীলনেও দেখা যেতে পারে তাকে।
এদিকে ডেম্বেলের স্বাস্থ্য পরীক্ষার দিন সময় পিছিয়েছে পিএসজি। ফরাসি সংবাদমাধ্যম আরএমসি জানিয়েছে, শনিবার ২৬ বছর বয়সী এই তারকার স্বাস্থ্য পরীক্ষার কথা থাকলেও তা এখন পরিবর্তন করে সোমবারে নেওয়া হয়েছে।
