গত দুই দিন নেত্রকোনা জেলায় পর্যাপ্ত বৃষ্টি হওয়ায় আমন আবাদের ধুম পড়েছে। কারণ দীর্ঘদিন যাবত্ই বৃষ্টি হচ্ছিল না। গত দুদিনের বৃষ্টিতেই জেলার ১০ উপজেলায় ২ হাজার হেক্টর জমিতে আমন আবাদ করা হয়েছে। এ নিয়ে জেলায় এ পর্যন্ত ১০ হাজার হেক্টর জমিতে আমনের আবাদ করা হয়েছে।
বৃষ্টি না হওয়ায় নেত্রকোনার কৃষকরা আমনের আবাদ করতে পারছিলেন না। সেচ দিয়ে জমি আবাদ করে আমনচারা রোপণ করছিলেন তারা। এতে তাদের খরচ বেড়ে যাচ্ছিল। তবে গত শুক্রবার থেকে জেলায় দিনে-রাতে পর্যাপ্ত বৃষ্টি হওয়ায় কৃষকরা খুশি। আর এ কারণেই আমনচাষিরা ভোর থেকেই জমিতে আমনের আবাদ শুরু করেন। সন্ধ্যা পর্যন্ত চলে আবাদের কাজ।
নেত্রকোনা জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্রে জানা গেছে, জেলায় আবার ১ লাখ ৩২ হাজার হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। গতকাল রবিবার পর্যন্ত আবাদ হয়েছে ১০ হাজার হেক্টর জমিতে। আগামী ১০ দিনে জেলায় ৩০ হাজার হেক্টর জমি আবাদ হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সদর উপজেলার কুমড়ি গ্রামের কৃষক আব্দুল খালেক তালুকদার বলেন, পর্যাপ্ত বৃষ্টি হওয়ায় তার আমনআবাদে সুবিধা হয়েছে। বিদ্যুৎ লাগছে না। এতে তিনি আর্থিকভাবে লাভবান হচ্ছেন। এলাকার সব কৃষকই এ সুবিধা পাচ্ছেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. নুরুজ্জামান বলেন, নেত্রকোনায় গত দুই দিনে পর্যাপ্ত বৃষ্টি হওয়ায় চাষিরা এখন আমনআবাদে ব্যস্ত। তারা জমিতে জমে থাকা বৃষ্টির পানি কাজে লাগিয়ে আমন চারা রোপণ করছেন।
